শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গাজা নিয়ে ইসরায়েলের ‘নতুন পরিকল্পনা’ প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ এএম

শেয়ার করুন:

গাজা নিয়ে ইসরায়েলের ‘নতুন পরিকল্পনা’ প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

গাজা নিয়ে ইসরায়েলের নতুন ‘পরিকল্পনা’ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। গাজাকে ফিলিস্তিনিশূন্য করলেই শান্তি ফিরবে বলে মন্তব্য করেছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তার সঙ্গে সুর মিলিয়েছেন দেশটির কট্টরপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। 

তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে তাদের অবস্থান স্পষ্ট করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। তারা জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা ‘শান্তি পরিকল্পনা’ অনুযায়ী ফিলিস্তিন সংকটের সমাধান চায় ওয়াশিংটন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, ‘প্রেসিডেন্টের (ট্রাম্প) ২০ দফা পরিকল্পনার ১২ নম্বর দফায় স্পষ্টভাবে বলা হয়েছে, কাউকে গাজা ছাড়তে বাধ্য করা হবে না এবং যারা চলে যেতে চান তারা স্বাধীনভাবে যেতে পারবেন এবং আবার ফিরেও আসতে পারবেন। আমরা মানুষকে সেখানে থাকার জন্য উৎসাহিত করব এবং তাদের একটি উন্নত গাজা গড়ার সুযোগ দেব।’

মুখপাত্র আরও বলেন, ‘গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা, বিতাড়িত করা বা বাধ্যতামূলকভাবে স্থানান্তর করার কোনও পরিকল্পনা বা প্রস্তাবকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না।’

এর আগে কাৎজ দাবি করেছিলেন, ফিলিস্তিনিদের এলাকাটি থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনায় তার সমর্থন কেবল ‘স্থগিত’ রেখেছেন ট্রাম্প, তবে বাতিল করেননি। মানবাধিকার কর্মীদের মতে, এই প্রস্তাবটি বাস্তবায়িত হলে তা ‘জাতিগত নিধনের’ শামিল হবে।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর