ইতালির রাজনৈতিক অস্থিরতার দীর্ঘ ইতিহাসে নতুন অধ্যায় তৈরি করেছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার নেতৃত্বাধীন ডানপন্থি জোট সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকার হিসেবে নতুন রেকর্ড গড়েছে। প্রায় চার বছর ধরে ক্ষমতায় থাকা মেলোনি ছাড়িয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির রেকর্ড।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) টানা ১ হাজার ৪১৩ দিন ক্ষমতায় থাকার মাইলফলক অর্জন করে মেলোনির সরকার। ২০২২ সালের ২২ অক্টোবর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি।
এর আগে বার্লুসকোনির দ্বিতীয় সরকার ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ১ হাজার ৪১২ দিন ক্ষমতায় ছিল। সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করলেন মেলোনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির রাজনীতিতে সরকার পরিবর্তনের প্রবণতা ছিল অত্যন্ত বেশি। গত আট দশকে দেশটিতে ৬৮টি সরকার গঠিত হয়েছে এবং ৩১ জন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। একটি ইতালীয় সরকারের গড় স্থায়িত্ব ছিল প্রায় ১৪ মাস। এই বাস্তবতায় মেলোনির সরকারের প্রায় চার বছরের ধারাবাহিকতা দেশটির রাজনীতিতে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
‘ব্রাদার্স অব ইতালি’ দলের নেতা মেলোনি ২০২২ সালের নির্বাচনে ডানপন্থি জোটের নেতৃত্ব দিয়ে ক্ষমতায় আসেন। তিনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রীও। ক্ষমতায় আসার পর অভিবাসন নিয়ন্ত্রণ, ব্যবসাবান্ধব নীতি এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাস্তববাদী সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন।
এছাড়াও তার সরকার ইউক্রেনকে সমর্থন এবং অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও পশ্চিমা মিত্রদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছে।
এদিকে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পাশাপাশি মেলোনি সরকারের সমালোচনাও রয়েছে। সমালোচকদের অভিযোগ, স্বাস্থ্য, শিক্ষা ও উৎপাদনশীলতার মতো গুরুত্বপূর্ণ খাতে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার যথেষ্ট এগোয়নি। ইতালির অর্থনৈতিক প্রবৃদ্ধিও এখনও ধীরগতির।
সূত্র: আলজাজিরা
এমএইচআর




