বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পশ্চিমবঙ্গে গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম

শেয়ার করুন:

পশ্চিমবঙ্গে গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা

পশ্চিমবঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং বিরোধী দলের ওপর অত্যাচারের অভিযোগ তুলে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে চরম সুর চড়ালেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, রাজ্যে গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু অবশিষ্ট নেই, গ্রামগঞ্জ থেকে শহর- সর্বত্র পুলিশ ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীকারীদের তাণ্ডব চলছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে এমনই একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী। 

সংবাদমাধ্যমের ওপর আক্রমণের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলার অস্তিত্ব আজ বিপন্ন হতে চলেছে। শিক্ষা, সংস্কৃতি ভূলুণ্ঠিত। রাজ্য সরকার আজ ঔদ্ধত্য ও অহংকারের শীর্ষে পৌঁছেছে। যখনই দেখতে পাচ্ছে কেউ তাদের পক্ষে নেই, সংবাদমাধ্যমের অফিসে গিয়ে পর্যন্ত গেরুয়া রং করা হচ্ছে। এদিকে, সরকারি অনুষ্ঠানে এখন গেরুয়া কার্পেটের ওপর দিয়ে হাঁটা হচ্ছে! সংবাদমাধ্যমের স্বাধীনতা যেখানে নেই, সেখানে সাধারণ মানুষের অধিকার থাকবে কী করে!’

রাজ্য পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে সাবেক মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ‘পুলিশ এখন এমন ভাব করছে যেন তারা ভাজা মাছটি উল্টে খেতে জানে না! তৃণমূলের সঙ্গে সম্পর্ক রাখলে চরম পরিণতির হুমকি দেওয়া হচ্ছে। বহু নির্দোষ মানুষের বিরুদ্ধে কোনও কেস না থাকা সত্ত্বেও বেআইনিভাবে ভুয়ো কেস দিয়ে আটক করা হচ্ছে।’

বারুইপুর এবং কলকাতার ক্যামাক স্ট্রিটের সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ক্যামাক স্ট্রিটের অফিসে ঢুকে কম্পিউটার, নথি লুট করা হয়েছে, আমাদের দলের চারজনকে ভেতরে আটকে রেখে অত্যাচার চালানো হয়েছে। ঠিক নাকের ডগায় শেক্সপিয়র সরণী থানা রয়েছে, অথচ ওদের দিয়ে বা নিষ্ক্রিয় রেখে এই কাজ করানো হয়েছে।’

বারুইপুর কাণ্ডে ভুক্তভোগী পরিবারগুলোকে পুলিশ ফাঁড়ির নামে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে বলেও অভিযোগ জানান তিনি। 

পুলিশের এই পক্ষপাতদুষ্ট আচরণের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে মমতা বলেন, ‘আমরা ডায়েরিতে সেসব পুলিশ কমকর্তাদের নাম লিখে রাখছি যারা এসব করছেন। দিন চিরকাল এক থাকে না, বিজেপিও চিরকাল ক্ষমতায় থাকবে না। দিল্লি গেলেই যখন হিল্লি দেখতে হবে, তখন তোমায় জিজ্ঞেস করবে ‘রাজা তোমার কাপড় কোথায়’।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘ফটোশুট নরেন্দ্র মোদিকে মানায়, কিন্তু এখানকার যিনি দায়িত্বে আছেন, তাকে একদম মানায় না!’

বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা আরও বলেন, ‘যারা আজ অন্যের দল ভাঙছে, তাদের মনে রাখা উচিত একদিন তাদেরও একই পরিণতি ভুগতে হবে এবং তাদের দলও একদিন ভেঙে টুকরো হয়ে যাবে।’

সূত্র: আনন্দবাজার, দ্য ওয়াল


এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর