মার্কিন ডলারের দরপতন ও ট্রেজারি বন্ডের সুদ কমে যাওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে আরেক মূল্যবান ধাতু রুপার দামও ঊর্ধ্বমুখী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টা ১৭ মিনিটে (জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৪০ দশমিক ৮৭ ডলারে উঠেছে।
একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৮৭ দশমিক ৭০ ডলারে লেনদেন হচ্ছে।
এর আগে স্বর্ণের দাম গত ৭ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। কিন্তু পরে ডলার সূচক তিন সপ্তাহের সর্বোচ্চ অবস্থান থেকে নিচে নেমে আসায় এবং মার্কিন ট্রেজারি বন্ডের ফলন কমে যাওয়ায় স্বর্ণের বাজারে ফের চাঙাভাব দেখা দেয়।
এদিকে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নন-ফার্ম পেরোলস (এনএফপি) বা কর্মসংস্থানের প্রতিবেদনের দিকে, যা চলতি মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তে বড় প্রভাব ফেলতে পারে।
যুক্তরাষ্ট্রের সরকারি চাকুরিজীবী, বেসরকারি কোম্পানির কর্মী এবং সাধারণ সব বেতনভুক্ত কর্মচারীদের সংখ্যা উঠে আসে এই এনএফপি প্রতিবেদনে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক (ফেড) এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে সুদের হার বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয়।
শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদন ফেডকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থান নেওয়ার সুযোগ দিতে পারে। বর্তমানে বাজারে চলতি মাসে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ বলে ধারণা করা হচ্ছে।
বাজার বিশ্লেষকদের মতে, শুক্রবারের মার্কিন কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের পর ডলার, বন্ডের ফলন এবং ফেডের সুদের হার নিয়ে প্রত্যাশায় বড় পরিবর্তন আসতে পারে। ফলে আগামী দিনে স্বর্ণের দামের গতিপথ নির্ধারণে এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ইউবিএস-এর বিশ্লেষক জিওভানি স্তাউনোভো বলেন, ‘ফেডের পক্ষ থেকে সুদের হার নিয়ে স্পষ্ট ভবিষ্যৎ নির্দেশনা না থাকায় পরিবর্তিত বাজার-প্রত্যাশার প্রতি স্বর্ণের দাম অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে’।
অন্যদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। বৃহস্পতিবার স্পট রুপার দাম ০ দশমিক ৫ শতাংশ, প্লাটিনামের দাম ০ দশমিক ৪ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে।
সূত্র: রয়টার্স
এমএইচআর




