উত্তর সাইপ্রাসের কাছে একটি যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বঘোষিত টার্কিস রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাসের প্রধানমন্ত্রী উনাল উস্তেল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সবশেষ এক আপডেটে প্রধানমন্ত্রী জানিয়েছেন, নিখোঁজ ২৩ জনকে উদ্ধারে বর্তমানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
প্রধানমন্ত্রী জানান, নৌকাটিতে আটজন নাবিকসহ মোট ২৬৭ জন যাত্রী ছিলেন। যাদের মধ্যে ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিরেনিয়া বন্দর থেকে চার নটিক্যাল মাইল দূরে নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে এবং এটি ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়ে।
মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, রোববার স্থানীয় সময় বেলা ১১টা ৫৮ মিনিটে নৌকাটি উত্তর সাইপ্রাসের বন্দর ছেড়ে চলে যায়।
উদ্ধারকৃতদের লাইফ জ্যাকেট পরা অবস্থায় অন্য একটি নৌকায় করে বন্দরে পৌঁছাতে দেখা গেছে। তবে নৌকায় থাকা ব্যক্তিদের জাতীয়তা এবং আহতদের আঘাত কতখানি গুরুতর, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
/এএস




