থাইল্যান্ডের জনপ্রিয় ‘ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা’ (ডিটিভি) আবেদনের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ নতুন দুটি শর্ত যুক্ত করেছে দেশটির সরকার, যা আগামীকাল সোমবার (৩১ আগস্ট) থেকে কার্যকর হবে।
রোববার ঢাকাস্থ থাই দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নতুন নিয়মের আওতায় আবেদনকারী বর্তমানে যে দেশ থেকে থাই ভিসার জন্য আবেদন করছেন, সেই দেশে তার স্থায়ী বসবাসের সঠিক ও স্বীকৃত সরকারি প্রমাণপত্র জমা দিতে হবে।
পাশাপাশি আবেদনকারীর নিজ দেশ অথবা স্থায়ী বসবাসের দেশ থেকে ইস্যু করা হালনাগাদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে। তবে এর পরিবর্তে কোনো অপরাধমূলক রেকর্ড নেই—এমন যেকোনো সরকারি নথিও গ্রহণযোগ্য হবে।
দূতাবাস আরও জানিয়েছে, ডিটিভি আবেদনকারীদের এই দুটি প্রয়োজনীয় নথি মূল ভাষার পাশাপাশি অবশ্যই ইংরেজিতে অনুবাদ করে জমা দিতে হবে।

এছাড়াও দূতাবাস থেকে আবেদনকারীদের যেকোনো জটিলতা এড়াতে ভিসার আবেদন জমা দেওয়ার আগে সম্পূর্ণ কাগজপত্রের তালিকা ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। ভিসার আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য থাইল্যান্ডের সরকারি ই-ভিসা পোর্টাল ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশি পর্যটকদের কাছে এশিয়ার অন্যতম শীর্ষ পছন্দের গন্তব্য হলো থাইল্যান্ড।
ঢাকার থাই দূতাবাসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, প্রতি মাসে প্রায় ৯,০০০ ভিসার আবেদন জমা পড়ে। সেই হিসেবেপ্রতি বছর বাংলাদেশ থেকে ১ লক্ষ ৪০ হাজারেরও বেশি মানুষ থাইল্যান্ড ভ্রমণ করেন।
এমএইচআর




