শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৯:৪৩ এএম

শেয়ার করুন:

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র।

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল মজুতের নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্র চুক্তি করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের মধ্যে আলোচনার মাধ্যমে এ চুক্তি হয়েছে। তিনি এটিকে ‘বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় তেল চুক্তি’ হিসেবে উল্লেখ করেন।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার প্রায় নয় মাস পর ট্রাম্পের এই ঘোষণা আসে। মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক-সন্ত্রাসবাদ ও মাদক পাচারের অভিযোগ রয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল মজুত রয়েছে ভেনেজুয়েলায়। দেশটিতে আনুমানিক ৩০৩ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রয়েছে, যা বিশ্বের মোট মজুতের প্রায় ১৭ শতাংশ। তবে অবকাঠামোগত দুরবস্থার কারণে দেশটি বর্তমানে বিশ্বে মোট তেল উৎপাদনের মাত্র প্রায় ১ শতাংশ উৎপাদন করে।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি তার দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তেল চুক্তিকে ‘যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের জন্য বিশাল জয়’ বলে অভিহিত করেছেন। তবে চুক্তির বিস্তারিত খুব বেশি প্রকাশ করা হয়নি।

সামাজিক মাধ্যমে রুবিও বলেন, ‘ভেনেজুয়েলার জনগণের জন্য এই চুক্তি প্রায় ১০০ বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগ নিয়ে আসবে, হাজার হাজার উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি করবে এবং ভেনেজুয়েলার অর্থনীতি পুনর্গঠনে গতি আনবে।’

নিজের পোস্টে ট্রাম্প বলেন, ‘রুবিও এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ভেনেজুয়েলার নেতৃত্বের সঙ্গে এই চুক্তিতে পৌঁছেছেন।’

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টও এক বিবৃতিতে বলেছেন, এই চুক্তি ‘দেশটির পুনরুদ্ধারে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।’

রদ্রিগেজ জানান, চুক্তির আওতায় ৬৫ বিলিয়ন ব্যারেল তেল মজুতের সম্ভাবনা থাকা ১৭টি কৌশলগত তেলক্ষেত্র উন্নয়ন করা হবে। একই সঙ্গে এতে ১০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ এবং সরকারের জন্য ২০৯ বিলিয়ন ডলারের বেশি কর দেওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, ‘এই বিনিয়োগ শুধু আমাদের তেলশিল্পের পুনরুদ্ধার ও আধুনিকায়নেই ভূমিকা রাখবে না, বরং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, পুরো অঞ্চলের জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাজারে আরও ভারসাম্য তৈরিতেও অবদান রাখবে।’

সিবিএস নিউজকে এক মার্কিন কর্মকর্তা জানান, চুক্তির আওতায় ভেনেজুয়েলায় ‘অভিজ্ঞ একটি বেসরকারি অপারেটরের’ সঙ্গে গঠিত যৌথ উদ্যোগের ৫৫ শতাংশ নিয়ন্ত্রণ থাকবে যুক্তরাষ্ট্র সরকারের হাতে।

ওই কর্মকর্তা জানান, রদ্রিগেজ তেলক্ষেত্রগুলো পরিচালনার জন্য ওই যৌথ উদ্যোগকে ১০০ বছরের অনুমতি দিয়েছেন। সূত্র: বিবিসি।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর