ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুমকি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মেজর জেনারেল মহসেন রেজাই। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের ওপর অবরোধ অব্যাহত রাখলে ভয়ংকর সংঘাতের সতর্কবার্তাও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে লেবাননের হুথি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আল-মানার টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
রেজাই বলেন, ইসরায়েল যদি আবার ইরানের সঙ্গে সংঘাতে জড়ায়, তাহলে আগের সংঘাতের মতো পরিস্থিতি হবে না। আমরা নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাবো এবং প্রমাণ করব যে তার বড় ভুলগুলোই ইহুদিবাদী রাষ্ট্রের পতনের জন্য দায়ী।’
নতুন সংঘাত হলে, বিশেষ করে বিশেষ করে লেবানন ইস্যুতে ইরান ভিন্ন পর্যায়ের প্রতিক্রিয়া দেখাবে বলেও সতর্ক করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। লেবাননের দখলকৃত ভূখণ্ড থেকে ইসরায়েলকে সরে যেতে বাধ্য করা হবে। যদি সংঘাত নতুন করে শুরু হয়, তবে আমরা একটি নতুন পর্বের জন্য নিজেদের প্রস্তুত করছি; ভবিষ্যতের যেকোনও যুদ্ধ আগের যুদ্ধগুলোর চেয়ে আলাদা হবে।’
সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার জন্য ইরান ষড়যন্ত্র করেছে—এমন অভিযোগও প্রত্যাখ্যান করেন রেজাই। তিনি দাবি করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পকে আতঙ্কিত করার উদ্দেশ্যে এ ধরনের তথ্য ছড়িয়েছেন।
রেজাই বলেন, “ট্রাম্প ও তার ছেলেকে হত্যার তথাকথিত ‘ইরানি চক্রান্ত’ সংক্রান্ত ভুয়া খবর ছড়িয়ে নেতানিয়াহু তাকে আতঙ্কিত করেছেন এবং তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে বিঘ্নিত করেছেন। এই সংবাদের ভয়ে ট্রাম্প ফুড ট্রাকের কর্মচারীর মতো এদিক-সেদিক ঘুরে বেরিয়েছেন।”
সাক্ষাতকারে ইরানি নিরাপত্তা প্রধান আরও হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের ওপর অর্থনৈতিক ও নৌ অবরোধ অব্যাহত থাকলে তেহরান যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থকে লক্ষ্য করে পাল্টা ব্যবস্থা নেবে।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের দিকে ঝুঁকে পড়া সামরিক হামলার ব্যর্থতাই প্রমাণ করে। অর্থনৈতিক উত্তেজনা বৃদ্ধির যেকোনও চেষ্টার পাল্টা জবাব হিসেবে আমরা ওই অঞ্চলে আমেরিকার অর্থনৈতিক স্বার্থে আঘাত হানব’।
সূত্র: মেহের নিউজ, আলজাজিরা
এমএইচআর




