বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ বহাল, সরকারের আবেদন ফেরত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৯:৩৯ পিএম

শেয়ার করুন:

ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ বহাল, সরকারের আবেদন ফেরত

পাকিস্তানের করাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের বিরুদ্ধে সরকারের করা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনটি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় জানায়, সরকারের আবেদনের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র বা পেপারের বুক সম্পূর্ণভাবে সংযুক্ত করা হয়নি। এ কারণে প্রাথমিক যাচাইয়ের পর আবেদনটি ফেরত পাঠানো হয়।

এরআগে গত মঙ্গলবার (১৮ আগস্ট) কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত। 

একই সঙ্গে তার স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য একটি মাল্টি-ডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড গঠন এবং ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের সদস্যদের যুক্ত রাখারও আদেশ দেন বিচারপতি শহীদ ওয়াহিদের নেতৃত্বে এবং বিচারপতি নাঈম আখতার আফগান ও ইশতিয়াক ইব্রাহিমকে নিয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ।

তবে সুপ্রিম কোর্টের এই আদেশের বিরুদ্ধে গতকাল বুধবার পাকিস্তান সরকার একটি পুনর্বিবেচনার আবেদন (রিভিউ পিটিশন) দাখিল করে। 

সরকারের যুক্তি ছিল, একজন সাজাপ্রাপ্ত আসামিকে এভাবে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা দেশটির কারা বিধিমালা- ১৯৭৮ এবং বিচার ব্যবস্থার পরিপন্থী। 

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, আবেদন ফেরত দেওয়া মানে এটি আইনিভাবে খারিজ হওয়া নয়, বরং প্রক্রিয়াগত কারণে ফেরত দেওয়া। সরকারের পক্ষ থেকে এই ত্রুটি সংশোধন করে পুনরায় আবেদন করার সুযোগ রয়েছে। 

এদিকে ইমরান খানের দল পিটিআই-এর দাবি, আদালতের আপত্তির মুখে সরকার আবেদনটি প্রত্যাহার করে নিয়েছে এবং অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করা উচিত।

উল্লেখ্য, ৭২ বছর বয়সী এই জনপ্রিয় সাবেক ক্রিক্রেটার ও পিটিআই-এর প্রতিষ্ঠাতা ইমরান খান ২০২৩ সাল থেকে একাধিক মামলায় আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন এবং বর্তমানে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা ভোগ করছেন।

সম্প্রতি তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তার পরিবার ও দলের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে দেশটির সুপ্রিম কোর্ট তাকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়, যেখানে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তার চিকিৎসা চলার কথা রয়েছে।

সূত্র: ডন

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর