বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৫:৫৮ পিএম

শেয়ার করুন:

দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিল ভারত

ভারতের নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের অনুমোদিত সীমানার বাইরের অবৈধ স্থাপনা ও নিরাপত্তা বেষ্টনী বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে দিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিল্লির অভিজাত কূটনৈতিক এলাকা চাণক্যপুরীতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পাকিস্তান হাইকমিশনের ভিসা বিভাগের বাইরে দর্শনার্থীদের লাইন নিয়ন্ত্রণের জন্য তৈরি অস্থায়ী কাঠামো, ট্রাফিক বলার্ড এবং রাস্তার ধারের মেটাল ব্যারিকেডগুলো জেসিবি ও বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। এতে হাই কমিশনের বাইরে ইট-কংক্রিটের ধ্বংসাবশেষের বিশাল স্তুপ জমা হয়।  

ভারতীয় কর্মকর্তাদের দাবি, এই কাঠামো ও নিরাপত্তা বেষ্টনীগুলো হাইকমিশনের জন্য নির্ধারিত সীমানার বাইরে একটি গলিতে অবৈধভাবে তৈরি করা হয়েছিল।

তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, নয়াদিল্লির পক্ষ তেকে এটি মূলত একটি ‘টিট ফর ট্যাট’ বা পাল্টা পদক্ষেপ। গত সোমবার (১৭ আগস্ট) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের বাইরের সুরক্ষা ব্যারিকেড ও পার্কিং পোল সরিয়ে নেয় পাকিস্তানি কর্তৃপক্ষ। এরই জবাবে ঠিক তিন দিনের মাথায় দিল্লিতে পাকিস্তানি মিশনের বিরুদ্ধে এই ব্যবস্থা নিল ভারত।

এদিকে পাকিস্তান হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানের ফলে ভিসা সেকশনের সার্ভিস উইন্ডোর আশপাশের দেয়াল ও প্লাস্টার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হাইকমিশনের প্রধান ফটক, মূল ভবন এবং পাকিস্তানের জাতীয় প্রতীকযুক্ত গেটটি সম্পূর্ণ অক্ষত রয়েছে।

এ ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

তবে বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের চলমান কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর