ইরাকের কুর্দিস্তানের প্রধানমন্ত্রী মাসরুর বারজানিকে টার্গেট করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। যার একটি ড্রোন তার দপ্তরে আরেকটি ড্রোন কুর্দিস্তানের গোয়েন্দা প্রধানের বাড়িতে আছড়ে পড়েছে।
কুর্দিস্তানের সন্ত্রাসবিরোধী অধিদপ্তর জানিয়েছে, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর গালফ নিউজের।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ শুরুর পর কুর্দিস্তানকে অসংখ্যবার টার্গেট করেছে ইরান।
তাদের শঙ্কা ছিল, কুর্দিস্তান থেকে কুর্দি যোদ্ধারা মার্কিন ও ইসরায়েলিদের হয়ে ইরানে স্থল হামলা চালাতে পারে।
ইরান সবসময় অভিযোগ করে থাকে, কুর্দিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রক্ষা করে।
সংবাদমাধ্যম আলবাওবা জানিয়েছে, কুর্দিস্তানে ইরান ও তাদের মিত্ররা কয়েক হাজার বার ড্রোন হামলা চালিয়েছে।
বিশেষ করে রাজধানী ইরবিলকে টার্গেট করে তারা। এরমধ্যে গত ১৭ জুলাইয়ে চালানো এক হামলায় ইরবিলে ৯ জন নিহত হন।
হামলার ব্যাপারে এক্সে এক পোস্টে কুর্দিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, কুর্দিস্তানের সন্ত্রাসবিরোধী ইউনিটের তদন্তের পর জানা গেছে, আমার ব্যক্তিগত অফিস এবং গোয়েন্দা প্রধানের বাড়িতে ইরান ড্রোন হামলা চালিয়েছে।
এটি ঝুঁকিপূর্ণ উত্তেজনা বৃদ্ধি এবং কুর্দিস্তান অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
দেশটি বলেছে, এই হামলা ইরাক ও ইরাকের কুর্দিস্থানের ভৌগলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন।
-এমএমএস




