ভারতের ক্ষমতাসীন দল- ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক কাঠামোয় বড়সড় রদবদল ঘটিয়ে ১৩ জন জাতীয় সহ-সভাপতির নাম ঘোষণা করলেন দলের নতুন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। অভিজ্ঞতার সাথে নতুন শক্তির মেলবন্ধন ঘটিয়ে ঘোষিত এই নতুন কেন্দ্রীয় কমিটিতে যেমন সাবেক ও হেভিওয়েট নেতাদের বড় দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে, ঠিক তেমনই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নারী ও তরুণ নেতৃত্বকে।
সোমবার নিতিন নবীন নিজের এক্স হ্যান্ডেলে এক বিজ্ঞপ্তিতে সহ-সভাপতিদের পাশাপাশি স্মৃতি ইরানিসহ ৮ জন সাধারণ সম্পাদক এবং ১৬ জন জাতীয় সম্পাদকের নামও ঘোষণা করেন।
নতুন কমিটিতে ১৩ জন জাতীয় সহ-সভাপতি হলেন— রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া, উত্তরাখণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াত, দিল্লির রাম মাধব, ওড়িশার বৈজয়ন্ত জয় পান্ডা, মহারাষ্ট্রের ভারতী প্রবীণ পাওয়ার এবং পাঞ্জাবের মনপ্রীত সিং, অন্ধ্রপ্রদেশের ডি পুরন্দেশ্বরী, উত্তর প্রদেশের রেখা বর্মা, গুজরাটের বর্ষাবেন নরেন্দ্রভাই দোশি, মধ্যপ্রদেশের লাল সিং আর্য, কর্ণাটকের অধ্যাপক এম নাগরাজা, উত্তর প্রদেশের অধ্যাপক তারিক মনসুর এবং পশ্চিমবঙ্গের ড. মধুচন্দ্র কর।
জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন- সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (উত্তর প্রদেশের দায়িত্বপ্রাপ্ত), ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, বিনোদ তাওড়ে, সুনীল বনসল এবং বিপ্লব কুমার দেবসহ মোট ৮ জন।
নতুন কমিটিতে স্থান পাওয়া ১৬ জন জাতীয় সম্পাদকের মধ্যে কংগ্রেস থেকে আসা রোহান গুপ্ত ও অনিল অ্যান্টনি এবং আম আদমি পার্টি থেকে আসা ড. সন্দীপ পাঠক ছাড়াও আর রয়েছেন- নাগাল্যান্ডের প্রথম নারী রাজ্যসভা ডেপুটি চেয়ারম্যান ফাংনন কোনিয়াক, আসামের মৃগাঙ্ক দেব বর্মন এবং পশ্চিমবঙ্গ থেকে মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা।
এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল-কে পুনরায় দলের জাতীয় কোষাধ্যক্ষ করা হয়েছে এবং বিজেপির দীর্ঘকালীন আইটি সেল ও সোশাল মিডিয়া প্রধান অমিত মালব্যকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে. তাঁর জায়গায় ছত্তিশগড়ের বিশিষ্ট মুখ দীপক মাস্কে এই নতুন দায়িত্ব পেয়েছেন।
অন্যদিকে যুব মোর্চার সভাপতি করা হয়েছে হেমাঙ্গ জোশী-কে এবং মহিলা মোর্চার দায়িত্ব পেয়েছেন রূপ কুমারী চৌধুরী।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘এই নতুন কমিটিতে সাংগঠনিক অভিজ্ঞতা, তারুণ্যের শক্তি এবং মাটির মানুষের সাথে যোগাযোগের এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে। আমি নিশ্চিত যে তারা জনসেবায় নিয়োজিত থেকে আমাদের দলকে আরও শক্তিশালী করবে’।
সূত্র: এনডিটিভি
এমএইচআর




