কুয়েতে দুই বাসের চাপায় পড়ে এক বাংলাদেশি বাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক ভারতীয় বাস চালককে আটক করেছে স্থানীয় পুলিশ।
কুয়েতি সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, শুক্রবার (১৪ আগস্ট) জিলিব আল-শুয়েখ এলাকায় দুটি বাস একটির পেছনে আরেকটি থামানো ছিল। সামনের বাসের চালক ১৯৭৬ সালে জন্মগ্রহণকারী বাংলাদেশি প্রবাসী নিজের বাসটি ঠিক আছে কিনা তা পরীক্ষা করতে বাস থেকে নেমে পেছনের দিকে যান।
ঠিক ওই মুহূর্তে পেছনে দাঁড়িয়ে থাকা ভারতীয় চালকের দ্বিতীয় বাসটি হঠাৎ সামনের দিকে এগিয়ে আসে। এর ফলে দুই বাসের মাঝে আটকা পড়ে মারাত্মকভাবে আঘাত পান বাংলাদেশি বাস চালক এবং ঘটনাস্থলেই মারা যান।
নিহত বাংলাদেশি ও ভারতীয় চালকের নাম এখনো প্রকাশ করেনি কতৃপক্ষ।
ঘটনার পরপরই কুয়েতের ফরওয়ানিয়া ট্রাফিক বিভাগ এবং স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে ওই ভারতীয় বাস চালককে (জন্ম ১৯৮১) পুলিশ হেফাজতে নিয়েছে।
কুয়েত পুলিশ এই দুর্ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করেছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া এবং এটি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল নাকি চালকের অসতর্কতা বা অবহেলা ছিল, তা সুনির্দিষ্টভাবে নিশ্চিত করতে মামলাটি উচ্চতর তদন্তকারী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: আরব টাইমস
এমএইচআর




