পাকিস্তানের কালাট থেকে কোয়েটা যাওয়ার পথে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয়ে হামলা চিলিয়েছে সন্ত্রাসীরা।
তবে অল্পের জন্য বেঁচে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মির জিয়াউল্লা ল্যাঙ্গোভ। শুক্রবার (১৪ আগস্ট) মাস্টাংয়ের খাড় কোচা এলাকায় এই হামলা হয় বলে দেশটির সংবাদমাধ্যম ‘ডন’ জানিয়েছে।
‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিন পুলিশকর্মী রয়েছেন। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জিয়াউল্লা তার কনভয় নিয়ে শুক্রবার সকালে কোয়েটার উদ্দেশে রওনা হন। তার কনভয় খাড় কোচা এলাকায় পৌঁছোতেই আচমকা একদল বন্দুকধারী সেই কনভয় লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।
পাল্টা জবাব দেন ওই কনভয়ের নিরাপত্তায় থাকা পুলিশকর্মীরা। হামলার মুখে পড়ে পালায় বন্দুকধারীরা। এই হামলার দায় এখনও স্বীকার করেনি কোনও সংগঠন।
হামলাকারী কারা, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। পুরো এলাকা ঘিরে ফেলে বন্দুকধারীদের খোঁজে তল্লাশি চলছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর।
উল্লেখ্য, বেলুচিস্তান আওয়ামী লীগের নেতা জিয়াউল্লা। গত মার্চে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে শপথ নেন। পুলিশ সূত্রে খবর, হামলাকারীদের চিহ্নিতকরণের কাজ চলছে।
২০ মিনিট ধরে পুলিশ এবং হামলাকারীদের মধ্যে গোলাগুলি হয়। এই ঘটনাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেছেন জিয়াউল্লা। তবে পাক নেতা বাবর ইউসুফজাইয়ের দাবি, এই হামলার নেপথ্যে রয়েছে ‘ফিতনা অল-হিন্দুস্তান’।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, শুক্রবার জিয়ারতে অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তিরা দুজন মোটরসাইকেল আরোহীর ওপর গুলি চালালে দুজনই নিহত হন। নিহতরা হলেন এহসানুল্লাহ ও মুহাম্মদ ইউনুস, তারা কোয়েটা যাচ্ছিলেন।
নিহতরা জিয়ারত জেলার সানজাভির বাসিন্দা, তারা সানজাভি থেকে কোয়েটা যাওয়ার পথে ওই হামলার শিকার হন।
মৃতদেহগুলো সানজাভিতে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাদের জানাজার নামাজ সম্পন্ন করা হয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
-এমএমএস




