শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

হরমুজ প্রণালিকে শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার অঙ্গীকার ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৮:৫২ এএম

শেয়ার করুন:

হরমুজ প্রণালিকে ‘শিগগিরই’ যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার অঙ্গীকার ট্রাম্পে
বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে পরাজিত করার পর ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন তিনি। একই সঙ্গে ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের ইঙ্গিতও দিয়েছেন তিনি।

শুক্রবার নিউইয়র্কের গার্ডেন সিটিতে এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প বলেন, খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর জলপথটিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে যায়। এরপর ইরান ও যুক্তরাষ্ট্র-দুই পক্ষই প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে পরস্পরবিরোধী দাবি করে আসছে।

বিশ্বের জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ প্রণালিটির বিরোধ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনারও অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরান নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালি পুনরায় খুলে না দেওয়ার বিষয়ে অনড় রয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রাখার কথা বলছে।

এমন অবস্থার মধ্যে শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

নিউইয়র্কের গার্ডেন সিটির সমাবেশে মৃদু হেসে ট্রাম্প বলেন, ‘ইরানকে পুরোপুরি পরাজিত করার পর যারা এখন শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে- খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।’

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ বহাল রয়েছে বলেও দাবি তার। যুক্তরাষ্ট্র না চাইলে ওই প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না বলেও জানান ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকির প্রতিক্রিয়ায় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, হরমুজ প্রণালি ইরানেরই থাকবে। যুক্তরাষ্ট্র পরাজয় মেনে না নেওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথের অবরোধ কার্যকর রাখার পদক্ষেপ অব্যাহত থাকবে। সূত্র: আল জাজিরা।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর