বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ঢাকা

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৯:৩৫ পিএম

শেয়ার করুন:

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

দুর্নীতির তদন্ত ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘ সাড়ে ৫ মাস পর দেশে ফিরেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী এবং নেপালি কংগ্রেসের প্রবীণ নেতা শের বাহাদুর দেউবা। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) চিকিৎসা শেষে তিনি নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ৮০ বছর বয়সী এই প্রবীণ নেতা বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানাতে শত শত সমর্থক ভিড় জমান. সমর্থকরা বাদ্যযন্ত্র বাজিয়ে ঐতিহ্যবাহী কায়দায় তাকে অভ্যর্থনা জানান এবং দেউবাও হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন। 

image

এরআগে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে নেপালে তরুণদের ‘জেন-জি’ গণ-অভ্যুত্থানের সময় উত্তেজিত আন্দোলনকারীরা দেউবার বুধনীলকণ্ঠের বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। এই হামলায় দেউবা এবং তার স্ত্রী আরজু রানা দেউবা গুরুতর আহত হন। দেউবার মাথায় গভীর ক্ষত তৈরি হয় এবং ১২টি সেলাই দিতে হয়েছিল। প্রথমে নেপালের একটি সামরিক হাসপাতালে চিকিৎসা নিলেও উন্নত চিকিৎসার জন্য তিনি গত ফেব্রুয়ারিতে সিঙ্গাপুর যান এবং পরে হংকংয়ে অবস্থান নেন। 

তিনি দেশ ছাড়ার পরপরই জেন-জি আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের পর নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ক্ষমতায় আসার পর দেশটির অর্থপাচার অনুসন্ধান বিভাগ (ডিএমএলআই) তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে গভীর তদন্ত শুরু করে। 

পরে গত এপ্রিলে অর্থপাচারে অভিযোগে দেশটির একটি আদালত দেউবা ও তার স্ত্রী আরজু রানা দেউবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর প্রশাসন তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোল-এর মাধ্যমে 'রেড নোটিশ' জারির চেষ্টা করে। তবে ইন্টারপোল পর্যাপ্ত প্রমাণের অভাবে নেপাল সরকারের রেড নোটিশের সেই আবেদনটি প্রত্যাখ্যান করে।

এদিকে দেউবা দম্পতি তাদের আইনি প্রতিনিধিদের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানাগুলোকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে  আবেদন করেন। সেই আবেদনের  প্রেক্ষিতে একটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করে কর্তৃপক্ষকে তাদের গ্রেফতার না করার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। 

এছাড়াও গত জুন মাসে দেউবা বিদেশ থেকে ইমেইল ও কুরিয়ারের মাধ্যমে ডিএমএলআই-কে পৃথক পৃথক চিঠি পাঠিয়ে জানান, তিনি দুই মাসের মধ্যে নেপালে ফিরে এসে তদন্তে সহযোগিতা করতে ইচ্ছুক।

অন্যদিকে বিদেশে থাকার কারণে দেউবা নেপালের অভ্যন্তরীণ রাজনীতি থেকে বেশ কিছুদিন দূরে ছিলেন। আগামীকাল ১৪ আগস্ট থেকে কাঠমান্ডুতে শুরু হতে যাওয়া নেপালি কংগ্রেসের তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনে যোগ দিতেই মূলত তিনি তড়িঘড়ি করে দেশে ফিরেছেন। 

নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে বলেছেন, দেউবার মামলা এবং তাকে গ্রেফতারের বিষয়ে যেকোনও ধরনের সিদ্ধান্ত ডিএমএলআইয়ের আওতায় রয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্টের একটি অন্তর্বর্তীকালীন আদেশের কারণে এই মুহূর্তে তাদের গ্রেফতার করা যাচ্ছে না। 

তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী হওয়ায় আমরা তাকে বিমানবন্দরে এবং তার শোভাযাত্রায় নিরাপত্তা দেওয়া হচ্ছে। 

সূত্র: কাঠমান্ডু পোস্ট  

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর