বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের পদত্যাগ, শেয়ারের দরপতন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৪:১৭ পিএম

শেয়ার করুন:

টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের পদত্যাগ, শেয়ার দরপতন

ভারতের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী টাটা সন্সের নির্বাহী চেয়ারম্যান এন চন্দ্রশেখরন পদত্যাগ করেছেন। এই আকস্মিক খবরের পর ভারতীয় শেয়ার বাজারে টাটা গ্রুপের শেয়ার দর বড় ধরনের পতনের মুখে পড়েছে। এক ধাক্কায় ২৬ হাজার ৮০০ কোটি রুপিরও বেশি ক্ষতির মুখে পড়েছে গোষ্ঠীটি। 

বুধবার (১২ আগস্ট) কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) ঠিক আগে তিনি এই আকস্মিক ঘোষণা দেন। তবে আকস্মিক নেতৃত্ব শূন্যতা এড়াতে তিনি আগামী ২০২৭ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তার বর্তমান মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২০২৭ সালের পর তার মেয়াদ আরও ৫ বছর বাড়াতে ‘স্যার দোরাবজি টাটা ট্রাস্ট’ এবং ‘স্যার রতন টাটা ট্রাস্ট’ সুপারিশ করলেও বোর্ডে সর্বসম্মত সমর্থন মেলেনি। বোর্ডের একজন প্রভাবশালী সদস্য (নোয়েল টাটা) এই প্রস্তাবে আপত্তি জানান।

টাটা ট্রাস্টের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছিল যে টাটা সন্সকে কখনও শেয়ার বাজারে তালিকাভুক্ত (আইপিও) করা যাবে না এবং বোর্ডের ট্রাস্ট প্রতিনিধি বাড়াতে হবে, যা চন্দ্রশেখরন মেনে নেননি। গত ২৬ ফেব্রুয়ারি বোর্ডে বিষয়টি ওঠার পর দীর্ঘ ৬ মাস কোনো সমাধান না আসায়, বিনিয়োগকারী ও কর্মচারীদের স্বার্থে চন্দ্রশেখরন নিজে থেকেই পুনর্নিয়োগের দাবি থেকে সরে দাঁড়ান।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘টাটা সনস একটি বিশাল প্রতিষ্ঠান এবং বর্তমানে অনেকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত প্রজেক্টের কাজ শেষ হওয়ার মুখে রয়েছে। এই পরিস্থিতিতে ২০২৭ সালের ফেব্রুয়ারির পর কে এই সংস্থাকে নেতৃত্ব দেবেন, তা নিয়ে দীর্ঘ অনিশ্চয়তা রাখা অনুচিত। এটি কর্মচারী, বিনিয়োগকারী ও স্টেকহোল্ডারদের জন্য ক্ষতিকারক। তাই আমি নিজে থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং বোর্ডকে দ্রুত উত্তরসূরি খোঁজার অনুরোধ করেছি।’

এদিকে চন্দ্রশেখরনের পদত্যাগের ঘোষণায় বুধবার ভারতীয় শেয়ার বাজারে টাটা গোষ্ঠীর তালিকাভুক্ত সংস্থাগুলোর শেয়ারে বড়সড় পতন লক্ষ্য করা গেছে। দেশটির বৃহত্তম আইটি রফতানিকারক সংস্থা টিসিএস-এর শেয়ার দর পড়ে যায় প্রায় ৪.১ শতাংশ। টাটা মোটরস-এর শেয়ার দর হ্রাস পায় ২.৮ শতাংশ। সার্বিকভাবে পুরো টাটা গ্রুপের শেয়ার দর ৪ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে, যার বাজারমূল্য ২৬ হাজার ৮০০ কোটি রুপিরও বেশি। 

প্রসঙ্গত, ১৯৮৭ সালে টিসিএস-এ এক সাধারণ কর্মী হিসেবে পেশাগত জীবন শুরু করেছিলেন চন্দ্রশেখরন। দীর্ঘ ৪০ বছর ধরে টাটা গ্রুপের সাথে যুক্ত থাকার পর ২০১৭ সালে তিনি প্রথম অ-পার্সি পেশাদার হিসেবে টাটা সনসের চেয়ারম্যান পদে বসেছিলেন। পরবর্তীতে ২০২২ সালে তাকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দেওয়া হয়। তার মেয়াদে এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ থেকে শুরু করে সেমিকন্ডাক্টর প্ল্যান্টের মতো একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত  বাস্তবায়ন করেছে ৪১০ বিলিয়ন ডলার মূল্যের শিল্প গোষ্ঠীটি। 

সূত্র: এনডিটিভি

এমএইচআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর