বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

গাঁজা খেয়ে বিমান চালাচ্ছিলেন পাইলট, ভয়াবহ ঝাঁকুনিতে ২৪ যাত্রী আহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ১০:৪৪ পিএম

শেয়ার করুন:

গাঁজা খেয়ে বিমান চালাচ্ছিলেন পাইলট, ভয়াবহ ঝাঁকুনিতে ২৪ যাত্রী আহত

মাঝআকাশে ওড়ার সময় হঠাৎ তীব্র ঝাঁকুনি দিয়ে ৩০০ ফুট নিচে নেমে আসে ভারতের বৃহৎতম বিমান সংস্থা- এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। এতে ছিটকে পড়ে অন্তত ২৪ জন যাত্রী ও ক্রু আহত হয়েছেন। এই ঘটনার তদন্তে নেমে চক্ষু চড়কগাছ দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের। ডোপ টেস্টের ধরা পড়েছে, বিমানের প্রধান পাইলট গাঁজা সেবন করে ফ্লাইট পরিচালনা করছিলেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ৪ আগস্ট এয়ার ইন্ডিয়ার এআই-২৩৭৯ ফ্লাইটটি ১৩৭ জন যাত্রী ও ৮ জন ক্রু নিয়ে থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে বিমানটি ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার ওপর ক্রুজিং স্তরে থাকার সময় হঠাৎ তীব্র ঝাঁকুনির (টার্বুলেন্স) মুখে পড়ে এবং মুহূর্তের মধ্যে ৩০০ ফুট নিচে নেমে যায়। 

এই আকস্মিক পতনে বিমানের ভেতর ‘নেগেটিভ-জি’ পরিস্থিতি তৈরি হয়, যার ফলে সিটবেল্ট না বাঁধা যাত্রী ও চার ক্রুসহ অন্তত ২৪ জন আহত হন। এর মধ্যে দুইজন কেবিন ক্রুর মেরুদণ্ড এবং ঘাড়ে মারাত্মক আঘাত লেগেছে। 

ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) এবং এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) এই ঘটনাকে 'গুরুতর দুর্ঘটনা' হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করে।

তদন্তে উঠে আসে ঘটনার সময় প্রধান পাইলট তার আসনে ছিলেন না, কো-পাইলট (ফার্স্ট অফিসার) বিমানটি পরিচালনা করছিলেন। তবে বিমানটি পরবর্তীতে নিরাপদে দিল্লিতে অবতরণ করে। 

দিল্লিতে অবতরণের পর নিয়ম অনুযায়ী পাইলটদের সাইকোঅ্যাকটিভ (নেশা জাতীয়) উপাদানের পরীক্ষা করা হয়। সেখানে প্রধান পাইলটের শরীরে মাদকের উপস্থিতি ধরা পড়ে। পরবর্তীতে ল্যাবরেটরিতে দ্বিতীয়বার করা সুনির্দিষ্ট কনফার্মেটরি পরীক্ষাতেও ফলাফল পজিটিভ আসে। নির্দিষ্টভাবে বলতে গেলে, পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে পাইলট মারিজুয়ানা সেবন করেছিলেন, যা সাধারণত গাঁজা নামে পরিচিত।

এই ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত উভয় পাইলটকেই ফ্লাইং রোস্টার (বহিস্কার) থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

এমএইচআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর