মালয়েশিয়ায় একটি পাম বাগানে সহকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৩ জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন বাংলাদেশি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে আনুমানিক ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
গতকাল সোমবার বিকেলে নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসন জেলার লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট এলাকায় এই ঘটনা ঘটে।
মঙ্গলবার নেগেরি সেম্বিলান পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমদ এক বিবৃতিতে বলেছেন, সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে জেলার একটি বাগানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে মারামারির বিষয়ে জনসাধারণের কাছ থেকে তথ্য পায় পুলিশ। খবর পেয়ে লিঙ্গি থানার একটি পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং এই ঘটনায় জড়িত সন্দেহে চল্লিশোর্ধ্ব এক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেফতার করে।
প্রাথমিক তদন্তের সূত্র ধরে পুলিশ লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট থেকে দুটি মরদেহ উদ্ধার করে। পরে সেখানে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত তিন বাংলাদেশির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। এছাড়া আহত আরেক বাংলাদেশিকে উদ্ধার করে রেমবাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত, আহত ও আটক ব্যক্তি সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় একসঙ্গে বসবাস করতেন। মারামারি ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, তবে পুরো ঘটনার ধারাবাহিকতা ও প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে লিঙ্গি থানা পুলিশ।
দাতুক আলজাফনি আহমাদ বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডের আবেদন জানাতে মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
তিনি আরও জানান, মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) মামলাটি তদন্ত করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত উদ্দেশ্য বা সংঘর্ষের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস, মালয় মেইল
এমএইচআর




