রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

ভারি বর্ষণে চীনে ভূমিধসে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৩:২৬ পিএম

শেয়ার করুন:

ভারি বর্ষণে চীনে ভূমিধসে নিহত ২৫

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভারি বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ২৫ জনে পৌঁছেছে। 

এ ঘটনায় আরও ২৩ জন আহত হয়েছেন বলে রোববার (২ আগস্ট) জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। খবর রয়টার্সে।

এর আগে প্রকাশিত প্রাথমিক তথ্যে বলা হয়েছিল, গত ২৬ জুলাই গানসু প্রদেশের ডিংসি শহরের ওয়েইইউয়ান কাউন্টিতে প্রবল বর্ষণের পর সৃষ্ট দুর্যোগে ১০ জন নিহত হয়েছেন। 

তবে উদ্ধার অভিযান ও হালনাগাদ তথ্যের ভিত্তিতে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।

সিনহুয়ার খবরে বলা হয়েছে, চীনের জাতীয় দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ কমিশন গানসু প্রাদেশিক কর্তৃপক্ষকে ঘটনাটির তদন্ত এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়নের নির্দেশ দিয়েছে।

এদিকে টানা বৃষ্টির কারণে ডিংসি শহরসহ গানসুর বিভিন্ন এলাকায় আরও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন।

রোববার রাজধানী বেইজিং ও ইনার মঙ্গোলিয়াতেও আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। চীনের জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারি বৃষ্টি, দমকা হাওয়া এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে সিচুয়ান প্রদেশের বিস্তীর্ণ এলাকাতেও ভারি থেকে অতিভারি বৃষ্টি অব্যাহত রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, সেখানে ইতোমধ্যে ৬৪ হাজার ৬০৯ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 

চলতি বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে প্রদেশটিতে মোট ৮ লাখ ৮১ হাজারের বেশি মানুষকে স্থানান্তর করা হয়েছে।

এ ছাড়া জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা সতর্ক করে জানিয়েছে, পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে পূর্ব এশিয়ার দিকে অগ্রসর হওয়া সুপার টাইফুন ডলফিন আগামী বুধবার থেকে চীনের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে বিরূপ প্রভাব ফেলতে শুরু করতে পারে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর