বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

সরকারি বাসচালকের বাড়িতে মিলল ২০ কোটি নগদ, ১৫ কেজি সোনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

সরকারি বাসচালকের বাড়িতে মিলল ২০ কোটি নগদ, ১৫ কেজি সোনা

পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক অবসরপ্রাপ্ত সরকারি বাসচালকের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং ১৫ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অর্থ গোনা এখনও চলছে। সর্বশেষ খবর অনুযায়ী, উদ্ধার হওয়া নগদের অর্থের পরিমাণ প্রায় ২০ কোটি রুপি।

কলকাতা-ভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, যার বাড়ি থেকে এই বিপুল অর্থ উদ্ধার করা হয়েছে, তার নাম মিনার মণ্ডল। তিনি বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়। মিনার আগে সরকারি পরিবহণ নিগমের বাসচালক ছিলেন এবং কিছুদিন আগে স্বেচ্ছাবসর নিয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার গভীর রাতে জেলার মহম্মদবাজারে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান চালায় রাজ্য পুলিশ ও সিআইডি। সেই অভিযানেই উদ্ধার হয় পর্বতপ্রমাণ নগদ রুপি ও সোনা। রাত পার হয়ে সকাল গড়ালেও তল্লাশি অভিযান থামেনি। উদ্ধার হওয়া বান্ডিল বান্ডিল নোট গুনতে শেষমেশ আনা হয় পাঁচটি নোট গোনার মেশিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় সরকারি বাসের চালক হলেও মিনারের আসল ব্যবসা পাথর ও বালির। টুলু মণ্ডলের একাধিক পাথর খনির রবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তার নাম। কিন্তু একজন বাস চালক ও পাথর ব্যবসায়ীর ঘরে কীভাবে পাহাড়প্রমাণ নগদ ও সোনার স্তূপ জমল, তা নিয়ে উঠতে শুরু করেছে জোর প্রশ্ন। বেআইনি উপায়ে এই অর্থ উপার্জন করা হয়েছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে। 

এদিকে এ ঘটনায় কড়া বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাজ্য পুলিশসহ বীরভূমের ডিজিপি-এসপির প্রশংসা করে তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের এই আপসহীন অভিযান অব্যাহত থাকবে এবং জনগণের সম্পদ লুট করা কাউকেই ছাড় দেওয়া হবে না’।

আনন্দবাজার বলছে, একসময় বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের অত্যন্ত খাস লোক হিসেবেই পরিচিত টুলু মণ্ডল। মিনার মণ্ডলের জীবনযাপন অত্যন্ত সাধারণ হওয়ায়, পুলিশ বা তদন্তকারীদের চোখ ফাঁকি দিতেই তার বাড়িতে টুলু মণ্ডল এই বিপুল পরিমাণ ‘গুপ্তধন’ লুকিয়ে রেখেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর