জার্মানির বার্লিনে ‘প্রাইড ওয়াক’ নামে সমকামীদের উৎসবের মিছিলে গাড়ি হামলায় একজন নিহত এবং আহত হয়েছিলেন অন্তত ২৯ জন।
গত শনিবারের সেই ঘটনার মূল অভিযুক্ত সন্দেহভাজন মুসলিম যুবক আবদুল বাল্লাউতকে গুলি করে হত্যা করেছে পুলিশ। খবর রয়টার্স ও বিবিসির।
হামলার পরপরই বার্লিন ও তার আশপাশের এলাকায় চিরুনি অভিযান শুরু করে পুলিশ। অভিযান শুরুর ১২ ঘণ্টার মধ্যেই নিহত হন আবদুল বাল্লাউত।
পুলিশ এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে, শনিবার নিজেদের বার্ষিক পদযাত্রা বার্লিন প্রাইডে যোগ দিতে জড়ো হয়েছিলেন বার্লিনভিত্তিক সমকামীরা।
স্থানীয় সময় রাত ১০ টার দিকে পদযাত্রা যখন টিয়েরগার্টেন পার্ক এলাকায় আসে, সেসময় একটি সাদা রঙের ভ্যানগাড়ি দিয়ে মিছিলে হামলা চালানো হয়।

গাড়িটি চালাচ্ছিলেন আবদুল বাল্লাউত এবং হামলার পর গাড়ি থেকে নেমে পদযাত্রায় আগতদের লক্ষ্য করে ছুরি হাতেও ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। তবে ছুরিকাঘাতে কয়েক জনকে আহত করার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছিলেন।
আবদুল নিহত হওয়ার আগে রোববার (২৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্দার দোবরিন্দ বার্লিনে হামলার ঘটনাকে ‘ইসলামি সন্ত্রাসী হামলা’ উল্লেখ করেন।
তিনি বলেন, “আমরা এমন একজন সন্দেহভাজন অপরাধীকে ধরার চেষ্টা করছি, যার নাম এর আগে বিপুল সংখ্যক অপরাধমূলক কর্মকাণ্ড, উগ্রপন্থা এবং ইসলামপন্থী মহলের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে আগে থেকেই পুলিশের রেকর্ডে আছে।”
বার্লিন পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ প্রসঙ্গে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, ২১ বছর বয়সী আবদুল বাল্লাউতকে প্রথমে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছিল, কিন্তু তিনি ছুরি হাতে আক্রমণের জন্য ছুটে এলে পুলিশ গুলি করতে বাধ্য হয়। এতে আবদুল ঘটনাস্থলেই নিহত হন।
গত শনিবার স্থানীয় সময় রাত ১০টায় বার্লিনের টিয়ারগার্টেন পার্কের কাছে সমকামীদের মিছিল বার্লিন প্রাইডে গাড়ি হামলার ঘটনা ঘটে, এতে একজন নারী নিহত এবং কমপক্ষে ২৯ জন আহত হন । এই ২৯ জনের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।
হামলার প্রধান এবং একমাত্র সন্দেহভাজন আসামি ছিলেন লেবানিজ বংশোদ্ভূত জার্মান নাগরিক আবদুল বাল্লাউত।
পুলিশ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক ইসলামি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এর আগেও গ্রেপ্তার হওয়ার রেকর্ড আছে আবদুলের।
-এমএমএস




