শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

লিবিয়া উপকূলে অভিবাসীদের নৌকাডুবি, নিখোঁজ ৫০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ১০:০৪ পিএম

শেয়ার করুন:

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসী নিখোঁজ

লিবিয়ার পূর্ব উপকূলের কাছে ভূমধ্যসাগরে একটি কাঠের নৌকা ডুবে অন্তত ৫০ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দুটি নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (১৪ জুলাই) লিবিয়ার এল-বারদা দ্বীপের কাছে এই ঘটনা ঘটে। দ্বীপটি তবরুক শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার পশ্চিমে এবং মিসর সীমান্তের কাছাকাছি অবস্থিত।

নিরাপত্তা সূত্রগুলো জানায়, নৌকাটিতে প্রায় ৬০ জন অভিবাসী ছিলেন। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, নৌকাটি ভোরের দিকে যাত্রা শুরু করেছিল।

তারা আরও জানায়, এসব অভিবাসী সাব-সাহারা আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। তবে বিষয়টির সংবেদনশীলতার কারণে সূত্রগুলো নাম প্রকাশ করেনি।

অন্যদিকে, তবরুকে উদ্ধারকারী দল সোমবার আরও একটি পৃথক ঘটনায় চার অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে। একই সঙ্গে দুই সপ্তাহ ধরে লিবিয়ার জলসীমায় ভাসতে থাকা একটি নৌকা থেকে ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিরাপত্তা সূত্রগুলোর একটির ভাষ্য, নৌকাটিতে ২৮ জন অভিবাসী ছিলেন। জরাজীর্ণ নৌকায় অত্যন্ত কঠিন মানবিক পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন আটকে থাকায় চার জনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

গত জুন মাসেও তবরুক শহরের কাছে একটি নৌকাডুবির ঘটনায় প্রায় ২৬ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছিল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া সাব-সাহারা আফ্রিকার হাজার হাজার অভিবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। নিজ দেশে সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে তারা মরুভূমি ও ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন।

সূত্র:  ইনফোমাইগ্রেন্টস
 
এমএইচআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর