শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আপনি কি মুসলিম?— প্রশ্ন করেই মার্কিন শপিংমলে ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৯:৩৬ পিএম

শেয়ার করুন:

আপনি কি মুসলিম?— প্রশ্ন করেই মার্কিন শপিংমলে ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত

যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের একটি শপিং মলে সোহেল উদ্দিন নামের এক ভারতীয় মুসলিম যুবককে ১৫ বারের বেশি ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। এতে গুরুত্ব আহত হয়েছেন সোহেল, বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় পিটার মাইকেল লারসেন নামে ৪৮ বছর বয়সী এক মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৫ জুলাই) ইউটার ওয়েস্ট ভ্যালি সিটির ভ্যালি ফেয়ার মলে এই নৃশংস ইসলামবিদ্বেষী হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হামলাকারী লারসেন মলের একটি কিয়স্কে কর্মরত সোহেলের কাছে গিয়ে তার নাম এবং দেশের বাড়ি কোথায় তা জানতে চায়। সোহেল জানান তিনি ভারত থেকে এসেছেন এবং তার নাম সোহেল।

এরপর লারসেন তাকে সরাসরি প্রশ্ন করে, ‘আপনি কি মুসলিম?’। সোহেল ‘হ্যাঁ’ সূচক উত্তর দিয়ে ছুরি বের করে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতাড়ি আঘাত করতে থাকে লারসেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শপিংমলের সাধারণ কর্মী ও পথচারীরা হামলাকারী লারসেনকে মাটিতে চেপে ধরে এবং তার হাত থেকে ছুরি কেড়ে নেন, ফলে আরও আক্রমণ থেকে রক্ষা পর সোহেল। পরে গুরুতর আহত ও আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে কাছের একটি গহনার দোকানে কর্মরত লুনা নুনেজ স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, সোহেলকে ১৫ বার ছুরিকাঘাত করা হয়েছিল। তার একাধিক অস্ত্রোপচার হয়েছে এবং তিনি এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তার হাত, হৃৎপিণ্ড (হার্ট) ও ফুসফুসে একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে। 
 
নুনেজ সোহেলের চিকিৎসার জন্য ‘গো-ফান্ডমি’ তহবিলও খুলেছেন। তিনি বলেন, ‘আমি জানি তার কোনো বীমা নেই। তার পরিবারে তিনিই একমাত্র উপার্জনকারী পুরুষ। তার দুটি শিশু ও একজন স্ত্রী আছেন, এবং তারা এখন কোনো কাজ করছেন না।’ 

এদিকে পুলিশি হেফাজতে নেওয়ার পর লারসেন তদন্তকারীদের কাছে স্বীকার করেছেন, তিনি ইচ্ছাকৃতভাবে সোহেলকে আক্রমণ করেছিলেন — কারণ সে একজন মুসলিম এবং তিনি ‘ সব মুসলিমদের হত্যা করতে চান’। লারসেনকে বর্তমানে সল্ট লেক কাউন্টি কারাগারে আটকে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও নিষিদ্ধ বিপজ্জনক অস্ত্র ব্যবহারের অভিযোগে মামলা করা হয়েছে।

অন্যদিকে বন্ধুবান্ধব ও সহকর্মীরা সোহেলকে একজন পরিশ্রমী ও পরিবার-প্রেমী মানুষ হিসেবে বর্ণনা করেছেন।

সোহেল যে দোকানে কাজ করতেন তার ম্যানেজার আদনান মোহাম্মদ এই হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘সোহেল সবসময় হাসিখুশি, হাসিখুশি, খুব পরিশ্রমী। আমিই ওকে পদোন্নতি দিয়েছিলাম। যখন আপনি একজন মানুষকে হত্যা করেন, তখন আপনি শুধু একজনকে হত্যা করেন না। আপনি একটি পরিবারকে হত্যা করেন।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) এই ইসলামবিদ্বেষী হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রে এই ধরণের ঘটনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে।

সূত্র: এনডিটিভি 
 
এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর