শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের ৩ সাবেক সাংসদ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬, ১০:৪০ পিএম

শেয়ার করুন:

বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের ৩ সাবেক সাংসদ

বিধানসভা নির্বাচনের ভরাডুবির পর থেকেই কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বধীন তৃণমূল কংগ্রেস। সেই রেশ কাটতে না কাটতেই সংসদীয় রাজনীতিতে বড় ধাক্কা খেলো তৃণমূল। দলটির রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করা তিন নেতা এবার যোগ দিলেন ক্ষমতাসীন দল বিজেপিতে। 

বৃহস্পতিবার বিকেলে সল্টলেকের বিজেপি কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে যোগ দিয়েছেন সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বড়াইক এবং সুস্মিতা দেব। উত্তরীয় পরিয়ে তাদের দলে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

গত মাসে রাজ্যসভার সদস্যপদ এবং দল থেকে পদত্যাগ করেছিলেন তৃণমূলের একসময়ের এই তিন হেভিওয়েট নেতা। তাদের ছেড়ে দেওয়া আসনে রাজ্যসভায় উপ-নির্বাচন হচ্ছে। তবে এই তিন নেতাকে বিজেপি থেকে ফের মনোনয়ন দেওয়া হবে কিনা— সেই বিষয়ে এখনই স্পষ্ট করেননি শমীক ভট্টাচার্য।

নির্বাচনের পর তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ থাকার যে বার্তা দেওয়া হয়েছিল, এই যোগদান কি তার পরিপন্থী? এর জবাবে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘যারা দুর্নীতিগ্রস্ত বা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, তাদের জন্য দরজা চিরকালই বন্ধ। তবে সুখেন্দু, প্রকাশ এবং সুস্মিতার পদ্মশিবিরে এই যোগদান কোনও বিচ্যুতি নয়, বরং এক বিশেষ ব্যতিক্রম। 

তিনি বলেন, ‘এরা প্রত্যেকেই গুণীজন ও বিদগ্ধ মানুষ। আশা করব, তাদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী, এই শব্দগুলো ব্যবহার করবেন না। প্রত্যেকেরই একটা অতীত থাকে, এমনকি সাধুরও একটা অতীত থাকে। এই মুহূর্তে তাদের একমাত্র পরিচয়—তারা প্রত্যেকেই বিজেপির একনিষ্ঠ কর্মী।’

বিজেপিতে যোগ দেওয়ার পর সুস্মিতা দেব এবং সুখেন্দু শেখর রায় তৃণমূল সরকারের আমলের তৃণমূল স্তরের দুর্নীতি ও অপশাসনের তীব্র সমালোচনা করেন। তারা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গির শরিক হতেই তাদের এই সিদ্ধান্ত।

এদিকে দলের ৩ হেভিওয়েট নেতা ও সাবেক রাজ্যসভা সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার পর প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দলীয় আদর্শ জলাঞ্জলি দিয়ে এই ধরণের দলবদল আসলে সাধারণ ভোটার এবং দলের কর্মীদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা।

তিনি আরও অভিযোগ করেন, দল যাদের বারবার সুযোগ দিয়েছে, রাজ্যসভায় পাঠিয়েছে, তারা ক্ষমতার লোভে বা অন্য কোনো চাপে পড়ে এভাবে দল ছাড়লে মানুষ তাদের ক্ষমা করবে না।

সূত্র: আনন্দবাজার 

এমএইআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর