মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

তুরস্ক যুক্তরাষ্ট্রের ‘অসাধারণ’ মিত্র, এফ-৩৫ বিক্রির ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৭ পিএম

শেয়ার করুন:

তুরস্ককে যুক্তরাষ্ট্রের ‘অসাধারণ’ মিত্র বললেন ট্রাম্প

তুরস্কের ভূয়সী প্রশংসা করে দেশটিকে যুক্তরাষ্ট্রের একটি ‘অসাধারণ মিত্র’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আঙ্কারার কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষনাও দিয়েছেন তিনি।

মঙ্গলবার আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘অনেক দেশের সঙ্গেই আমাদের চমৎকার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এবং তুরস্ক তাদের মধ্যে অন্যতম। আমাদের মধ্যকার বোঝাপড়াটা বেশ কার্যকর’।

মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি মোকাবিলায় আঙ্কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তুরস্ক ইরানকে খুব ভালোভাবে চেনে। আর সেই কারণেই মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি মোকাবিলা ও নিয়ন্ত্রণে দেশটির ভূমিকা অত্যন্ত কার্যকর ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে’।

ইসরায়েলের সঙ্গে তুরস্কের বর্তমান সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, তুরস্ক সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী একটি দেশ। তারা চাইলে চলমান সংঘাতে যেকোনো একটি পক্ষ নিয়ে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারত। কিন্তু তারা তা করেনি।

নিজের ভূমিকার প্রসঙ্গ তুলে রসিকতার সুরে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তুরস্ক একটি অত্যন্ত শক্তিশালী সামরিক রাষ্ট্র। হয়তো আমার কারণেই তারা এটা করেনি। যেকোনো পক্ষের হয়ে যুদ্ধে অংশ নেওয়ার মতো বড় ধরনের সামরিক সক্ষমতা রয়েছে তাদের’।

ট্রাম্প দাবি করেন, ন্যাটো শীর্ষ সম্মেলনটি আঙ্কারায় অনুষ্ঠিত হচ্ছে বলেই তিনি এতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে ‘কাউন্টারিং আমেরিকাস অ্যাডভারসারিজ থ্রু স্যাংশনস অ্যাক্টের’ (সিএএটিএসএ) আওতায় তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা এসব নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছি।’’

২০২০ সালে রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। ওই সময় এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি থেকেও আঙ্কারাকে বাদ দেওয়া হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে অন্যায্য এবং অবৈধ বলে আখ্যায়িত করেছিল তুরস্ক।

সূত্র: আলজাজিরা

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর