গাজা উপত্যকায় চালানো এক হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন— হামাসের কমান্ডার মোহাম্মদ নাঈম জানদিয়াকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
শুক্রবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নাঈম জানদিয়া হামাসের শুজাইয়া ব্যাটালিয়নের সামরিক নিরাপত্তা প্রধান ছিলেন, যিনি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার সময় তিনজন ইসরায়েলিকে অপহরণ করে একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে আটকে রেখেছিলেন। বুধবার গাজায় চালানো এক হামলায় তিনি নিহত হয়েছেন।
আলজাজিরা জানিয়েছে, জানদিয়ার হাতে আটক ওই তিন ইসরায়েলি ব্যক্তিকে ফিলিস্তিনি ভেবে ভুল করে গুলি করে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী।
এদিকে হামাস বা তাদের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জানদিয়ার হত্যাকাণ্ড নিয়ে ইসরায়েলের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১০ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৪৬৫ বারেরও বেশি বার চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
গাজার সরকারি তথ্য অনুযায়ী, এই তথাকথিত যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েলি হামলায় নতুন করে ১ হাজার ৫৩ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৪০৬ জন আহত হয়েছেন। এতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়ে গেছে এবং ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।
সূত্র: আলজাজিরা
এমএইচআর




