সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

‘আঙুল ট্রিগারেই আছে’, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৯:৫৭ পিএম

শেয়ার করুন:

‘আঙুল ট্রিগারেই আছে’, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের

যুদ্ধবিরতি ভঙ্গ করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে-রেজা।

মঙ্গলবার (৩০ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল মাজিদ বলেন, ‘আমরা শত্রুকে বিশ্বাস করি না। আমাদের আঙুল ট্রিগারে আছে। কারো মনে কোনো সন্দেহ থাকা উচিত নয় যে, যুদ্ধবিরতি ভঙ্গ করা হলে আমরা পাল্টা পদক্ষেপ নেব।’

পৃথকভাবে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইলি বাঘেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের কোনো ধারা ভঙ্গ করলেই ইরান জবাব দেবে।  

তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র যদি কোনো হামলা চালায় তাহলে এটি সমঝোতা স্মারকের এক নম্বর ধারার লঙ্ঘন হবে। যদি এ ধরনের লঙ্ঘন বারবার হয় এবং চলতে থাকে তাহলে তাদের বাধার সম্মুখীন হতে হবে। আমরা এটির জবাব না দিয়ে থাকব না। যেমনটা আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী দেখিয়েছে, ইরানের কোনো কিছুর ওপর হামলা হলে আমরা তাৎক্ষণিক জবাব দেব।’

এর আগে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও হুঁশিয়ারি দিয়েছিলেন, চুক্তি ভঙ্গ বা অতিরিক্ত দাবি করা হলে যুক্তরাষ্ট্রকে অত্যন্ত ‘দ্রুত ও চূড়ান্ত’ মূল দিতে হবে।

ইরানের পক্ষ থেকে এই ধরণের হুঁশিয়ারি এমন এক সময়ে এল, যখন ইরান ইস্যুতে আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিরা কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। যদিও কাতার জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সরাসরি আলোচনা হবে না।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতা চুক্তিতে পৌঁছায়, যার মাধ্যমে দুই দেশের সম্পর্কের সবচেয়ে জটিল বিষয়, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ৬০ দিনের একটি আলোচনা পর্ব শুরু হয়। তবে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা এবং হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ নিয়ে ইতোমধ্যে দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে এই চুক্তিটি বড় ধরনের পরীক্ষার মুখে পড়েছে।

সূত্র: আলজাজিরা, বিবিসি 

এমএইচআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর