রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

পারমাণবিক স্থাপনা পরিদর্শনে আইএইএ’কে অনুমতি দিবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ১১:০২ পিএম

শেয়ার করুন:

পারমাণবিক স্থাপনা পরিদর্শনে আইএইএ’কে অনুমতি দিবে না ইরান

২০২৫ সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য জাতিসংঘ পরিচালিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) অনুমতি দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। এ বিষয়ে আইএইএ-এর সঙ্গে নতুন কোনো চুক্তি বা বৈঠকও হয়নি বলে নিশ্চিত করেছে তেহরান। 

মঙ্গলবার (২৩ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘মার্কিন কর্মকর্তাদের দাবি অনুযায়ী আইএইএ’র ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনের জন্য কোনো প্রটোকল নেই। তবে ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-এর সদস্য হিসেবে এবং আইএইএ-এর সঙ্গে সেফগার্ডস চুক্তির আওতায় তার বর্তমান প্রতিশ্রুতিগুলো পালন করে যাবে।’

বাঘাই আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা চলাকালীন ইরান তার পারমাণবিক কর্মসূচি বর্তমান স্থিতাবস্থায় বজায় রাখবে। ফলে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সীমিত আকারে পরিদর্শন চললেও, ফোরদো, নাতানজ ও ইসফাহানের মতো হামলায় ক্ষতিগ্রস্ত মূল স্থাপনাগুলোতে এখনই পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই।’

বাঘাইয়ের মতে, ‘যতক্ষণ না ইরানের পারমাণবিক স্থাপনা এবং দেশের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করা হয়, ততক্ষণ পর্যন্ত আইএইএ কর্মকর্তাদের পরিদর্শনের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশের অধিকার থাকবে না।

এর আগে সোমবার সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, ‘ইরানিরা তাদের দেশে আইএইএ পরিদর্শকদের পুনরায় আমন্ত্রণ জানাতে সম্মত হয়েছে।’

আইএইএ পরিদর্শকদের প্রতি ইরানের এই কথিত আমন্ত্রণকে আমেরিকান জনগণের জন্য একটি বড় মাইলফলক এবং ইরানে পরমাণু অস্ত্র কর্মসূচির সমাপ্তি ঘটানোর প্রথম পদক্ষেপ বলে অভিহিত করেছিলেন।

তবে ভ্যান্সের দাবিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।  

প্রসঙ্গত, ২০২৫ সালের জুন মাসে ১২ দিনের যুদ্ধে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু ব্যবহার করে ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহান পারমাণবিক কেন্দ্রে হামলা করে মার্কিন বাহিনী। তবে মার্কিন গোয়েন্দারা তাদের প্রাথমিক মূল্যায়নে জানিয়েছেন, হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদান ধ্বংস হয়নি। এ হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে।

এই ঘটনার পরই আইএইএ-এর সঙ্গে সহযোগিতা স্থগিত করে ইরান। তেহরান অভিযোগ করে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের পরমাণু স্থাপনায় হামলা চালালেও আইএইএ সেই ঘটনায় নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে। 

সূত্র: মিডল ইস্ট আই

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর