বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

ইরান ও লেবাননে মানবিক সহায়তা দেবে চীন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ১০:৪৩ পিএম

শেয়ার করুন:

ইরান ও লেবাননে মানবিক সহায়তা দেবে চীন

সংঘাতের কারণে ইরান ও লেবাননে যে তীব্র মানবিক বিপর্যয় ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে যুদ্ধবিধ্বস্ত দেশ দুটির জন্য মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। 

বুধবার (১৭ জুন) বেইজিংয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এই সিদ্ধান্তের কথা জানান।


বিজ্ঞাপন


তিনি বলেন, “ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাত এবং এর বিস্তারের কারণে মধ্যপ্রাচ্যে সৃষ্ট মানবিক বিপর্যয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ চীন। ফলে বর্তমান বাস্তব পরিস্থিতি বিবেচনায় ইরান ও লেবাননে মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বেইজিং, যাতে সেখানে পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং মানুষের জীবনযাত্রা উন্নয়নে সহায়তা করা যায়।”

মার্চ মাসে চীন ইরানসহ অন্যান্য দেশকে জরুরি মানবিক সহায়তা প্রদান করেছে উল্লেখ করে লিন জিয়ান আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের দেশগুলোর একজন ভালো বন্ধু এবং একটি দায়িত্বশীল বৃহৎ দেশ হিসেবে চীন তার সামর্থ্যের মধ্যে সমর্থন ও সহায়তা অব্যাহত রাখবে।’

চীনের এই সহায়তার ঘোষণাটি এমন একটি সময়ে এলো যখন পাকিস্তানের মধ্যস্থতায় আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে যাচ্ছে। এর মধ্যদিয়ে মধ্যপ্রাচ্যে দীর্ঘ ১০৭ দিনের যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে। 

এ বিষয়ে চীনা মুখপাত্র বলেন, শান্তি আলোচনার জন্য আরও প্রচেষ্টা এবং দ্রুত মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখবে বেইজিং। 


বিজ্ঞাপন


প্রসঙ্গত, গত কয়েক দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপের মুখে ইরানের ঘনিষ্ঠ অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে চীন। সম্পর্কটি এখন কৌশলগত রূপ নিয়েছে, যেখানে চীন প্রযুক্তিগত সহায়তা ও স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে ইরানের রণকৌশল ও সামরিক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছে। 

সূত্র: সিনহুয়া, আনাদোলু

এমএইচআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর