শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে লেবাননে নতুন হামলা ইসরায়েলের 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৬:৩৮ পিএম

শেয়ার করুন:

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে লেবাননে নতুন হামলা ইসরায়েলের 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেবাননের হামলা বন্ধের সরাসরি আহ্বান সত্ত্বেও লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

বুধবার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহ আল-ফাওকা এলাকা এবং পাশের কাফার তেবনিতের উপকণ্ঠসহ বিভিন্ন স্থানে এবং দক্ষিণ বৈরুতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে।


বিজ্ঞাপন


ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান-সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-সংশ্লিষ্ট স্থাপনা, যার মধ্যে রকেট লঞ্চার ও অভিযান ভবনও রয়েছে, সেগুলোতে সুনির্দিষ্ট হামলা অব্যাহত রেখেছে। 

তারা জানিয়েছে, সম্প্রতি উত্তর ইসরায়েলে সীমান্ত পেরিয়ে হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাবে এই অভিযান চালানো হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য হওয়া চুক্তির মধ্যস্থতাকারী পাকিস্তান বলেছে, সমঝোতায় লেবানন-সংক্রান্ত বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ চুক্তির একটি অবিচ্ছেদ্য অংশ বলে আসছে ইরান। 

এমন প্রেক্ষাপটে মঙ্গলবার ফ্রান্সে জি-৭ সম্মেলনে ট্রাম্প বলেছেন, লেবাননের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আরও দায়িত্বশীল আচরণ করা উচিত।


বিজ্ঞাপন


মার্কিন প্রেসিডেন্ট যুক্তি দেন, লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টা জটিল হয়ে পড়েছে । কারণ ইসরায়েল অনেক দিন ধরে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছে এবং এতে অনেক বেসামরিক মানুষের প্রাণহানি হচ্ছে।

এদিকে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির তোয়াক্কা না করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লেবাননে দখল করা এলাকা ছাড়ার কোনো ইচ্ছা তাদের নেই।

দখলদার প্রধানমন্ত্রীর দাবি, যতদিন প্রয়োজন ইসরায়েলি বাহিনী লেবানন ও সিরিয়ার নিরাপত্তা বেষ্টনী এলাকায় অবস্থান করবে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের ‘অভিযান চালানোর স্বাধীনতা’ বজায় থাকবে।

নেতানিয়াহু ছাড়াও ইসরায়েলের কট্টরপন্থি মন্ত্রীরা ও বহু কর্মকর্তা ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতার নিন্দা জানিয়েছেন।

অন্যদিকে লেবাননে ইসরায়েলের যেকোনো হামলাকে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতার স্মারকের (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে বলে হুশিয়ারি দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

আরাঘচি বলেন, ‘তেহরানের দৃষ্টিতে অর্জিত এই চুক্তির একপক্ষে রয়েছে ইরান ও হিজবুল্লাহ এবং অন্যপক্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফলে লেবাননে যুদ্ধের অবসান সম্পূর্ণ যুদ্ধের অবসানের একটি অবিচ্ছেদ্য অংশ এবং যুদ্ধের অবসান মানেই দখলদারিত্বেরও সমাপ্ত’।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে হামলা শুরু করার পর ২ মার্চ থেকে হিজবুল্লাহ ইরানের পক্ষে ইসরায়েলে পাল্টা হামলা চালায়। এরপর থেকে চলমান ইসরায়েলি হামলায় লেবাননে সাড়ে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। 

সূত্র: আলজাজিরা, বিবিসি


এমএইচআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর