বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

তুলে নেওয়া হয়েছে মার্কিন নৌ অবরোধ: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ১০:২৩ এএম

শেয়ার করুন:

তুলে নেওয়া হয়েছে মার্কিন নৌ অবরোধ: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী
ইরানের বন্দর ও জাহাজের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের আগেই প্রত্যাহার করা হয়েছে। -ফাইল ছবি

ইরানের বন্দর ও জাহাজের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের আগেই প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি।

মঙ্গলবার (১৬ জুন) ইরান সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক বক্তব্যে তিনি এ কথা জানিয়েছেন।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি বলেন, ‘অবরোধ প্রত্যাহারের বিষয়টি শুরু থেকেই তেহরানের অন্যতম প্রধান দাবি ছিল। অবরোধ প্রত্যাহারের বিষয়টি আমরা শুরু থেকেই জোর দিয়েছিলাম। এখন তা শুরু হয়েছে এবং আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই অবরোধ তুলে নেওয়া হয়েছে।’

এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, তিনি ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের অনুমোদন দিয়েছেন।

তবে বহুজাতিক নৌ নিরাপত্তা সমন্বয়কারী সংস্থা জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার সোমবার (১৫ জুন) জানিয়েছিল, যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত অবরোধ শুক্রবার পর্যন্ত বহাল থাকবে।

ট্রাম্প এর আগে আরও দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি সমঝোতা স্মারকে দুই পক্ষ ইতোমধ্যে সম্মত হয়েছে। চুক্তিটির আনুষ্ঠানিক স্বাক্ষর আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা এবং ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইরান। সংঘাতের একপর্যায়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান।

পরবর্তীতে ইরানের বন্দর ও জাহাজের ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। কয়েক মাস ধরে চলা উত্তেজনার পর দুই পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগের মধ্যেই অবরোধ প্রত্যাহারের ঘোষণা এলো।

সূত্র: জিও নিউজ

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর