মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

বৈঠকে মার্কিনিদের মন বুঝতে মনোবিদ নেয় ইরান!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

বৈঠকে মার্কিনিদের মন বুঝতে মনোবিদ নেয় ইরান!

আমেরিকার সঙ্গে বৈঠকে বসার আগে কি ‘মাইন্ডগেম’ চলছিল? বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট এবং তার প্রতিনিধিদলের মনোভাব কেমন থাকে, তার আচরণ কেমন হতে পারে, তারই একটা ‘ব্লুপ্রিন্ট’ করেছিল ইরান। 

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার আগে তাই দেশের দুই মনোবিদের সাহায্য নিয়েছিল তেহরান। এমনই দাবি করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম ড্রপ সাইট-এর এক প্রতিবেদনে।


বিজ্ঞাপন


ইরান প্রশাসনের এক সূত্রকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত এপ্রিলে ইসলামাবাদে দু’দেশের প্রথম দফার বৈঠকের আয়োজন করা হয়েছিল। 

ওই বৈঠকে বসার আগে তেহরান দু’জন মনোবিদকে নিয়োগ করেছিল। যদিও ওই বৈঠকে ট্রাম্প সরাসরি অংশ নেননি। কিন্তু আমেরিকার প্রতিনিধিরা কী বলতে চাইছেন, ট্রাম্পের নির্দেশই বা কেমন হতে পারে, তা নিয়ে একটা ‘মাইন্ডগেম’ চলছিল। সেই ‘মাইন্ডগেম’-এ এগিয়ে থাকতেই ট্রাম্পের মনোভাব এবং আচরণ বোঝা জরুরি ছিল বলে ওই সূত্রের দাবি।

ইরান প্রশাসনের ওই সূত্রকে উদ্ধৃত করে ড্রপ সাইট বলেছে, প্রতিনিধিদলের মধ্যে দেশের দু’জন শীর্ষ মনোবিদকে রাখা হয়েছিল যাতে ট্রাম্পের মতিগতি বুঝতে পারা যায়। আর সেই অনুযায়ী বৈঠকে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া যায়। ওই বৈঠকে বসার আগে এই বিষয়টির উপরে জোর দেওয়া হয়েছিল।

ওই সূত্রের দাবি, মনোবিদেরা যেভাবে যেভাবে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, সে ভাবেই কাজ করা হয়েছে। শুধু তা-ই নয়, মনোবিদদের সেই পরামর্শ ইরানের আলোচনা কৌশলেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। আর সেই পরামর্শ কাজও করেছিল বলে দাবি ওই সূত্রের। গঠনমূলক আলোচনাও হয় ওই বৈঠকে।

ঘটনাচক্রে দেখা গিয়েছে, প্রথম বৈঠক শেষ মূহূর্তে ভেস্তে গেলেও আমেরিকা কিন্তু যুদ্ধবিরতির সময় বাড়িয়েছিল। পাশাপাশি, ট্রাম্প ইরানের উপর চাপ সৃষ্টি করলেও পরের দিকে আগ্রাসী কৌশল থেকে সরে সমঝোতার রাস্তাতেই হাঁটার কৌশল নেওয়া শুরু করে ধীরে ধীরে।

ইসরায়েল যদিও ইরানের বিরুদ্ধে আগ্রাসী কৌশল নেওয়ার পক্ষেই বার বার চেষ্টা করেছে। কিন্তু দেখা গিয়েছে, ট্রাম্প সেই ফাঁদে পা দেননি।

বরং ইরানে সঙ্গে সমঝোতার রাস্তাতেই হেঁটেছেন। ফলস্বরূপ, গত রোববারই (১৪ জুন) তেহরানের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সমঝোতা-চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। 

তা হলে কী এবারের সমঝোতা চুক্তিতেও ট্রাম্পের মতিগতি বুঝতে মনোবিদদের সাহায্য নেওয়া হয়েছিল? যদিও সে প্রসঙ্গে কিছু উল্লেখ করা হয়নি ওই প্রতিবেদনে। 

তবে এখন ১৯ জুন অনুষ্ঠিতব্য ওই বৈঠকের উপরই এখন নজর আন্তর্জাতিক মহলের। দুই পক্ষের স্বাক্ষর হবে? না কি ফের ভেস্তে যাবে?

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর