মার্কিন যুক্তরাষ্ট্রে বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্তের ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অ্যাডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়। মার্কিন কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি। স্থানীয় সময় সোমবার (১৫ জুন) বেলা ১১টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ঘাঁটি কর্তৃপক্ষ।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। কয়েক মাইল দূর থেকেও যা চোখে পড়ছিল। বিমানটিতে ৮ জন ক্রু ছিলেন যাদের সবাই নিহত হয়েছেন বলে একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এক বিবৃতিতে ঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ও নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একই সঙ্গে বিমানবাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় অ্যাডওয়ার্ডস ঘাঁটি কর্তৃপক্ষ জানায়, বিমানঘাঁটির রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। যেসব বিমান সেখানে অবতরণ করার কথা সেগুলো অন্যত্র পাঠানো হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থী পাস স্থগিত করা হয়েছে।
১৯৫০-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বোয়িং বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানটি ব্যবহার করে আসছে। এটি দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান। বিশাল আকারের এই বিমানের ডাকনাম ‘দ্য বাফ’। যা ‘বিগ আগলি ফ্যাট’র সংক্ষিপ্ত রূপ। সম্প্রতি ইরানে চালানো বোমা হামলায় বিমানটি ব্যবহার করা হয় বলে জানা গেছে।
বিমানটি সর্বোচ্চ ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম। এটি প্রায় ৭০ হাজার পাউন্ড ওজনের সমরাস্ত্র বহন করতে পারে। কয়েকশ’ সাধারণ বোমা বা ৩২টি পারমাণবিক অস্ত্র সংবলিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতাও রয়েছে এই যুদ্ধযানের।
উড্ডয়নরত অবস্থায় আকাশেই এই বিমানে জ্বালানি ভরা যায়। ফলে এটি বিশ্বের যেকোনো প্রান্তে হামলা চালাতে পারে। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি ‘নিউক্লিয়ার আমব্রেলা’ বা পারমাণবিক সুরক্ষা কবচ হিসেবে কাজ করত।
সাধারণত বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেসে পাঁচজন ক্রু থাকেন। তাদের মধ্যে একজন কমান্ডার, একজন পাইলট, একজন রাডার নেভিগেটর, একজন নেভিগেটর ও একজন ইলেকট্রনিক ওয়ারফেয়ার কর্মকর্তা।
তথ্যসূত্র: বিবিসি
এফএ




