সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ ক্ষমতাচ্যুত করার ডাক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৯:১৭ পিএম

শেয়ার করুন:

নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ ক্ষমতা থেকে সরানোর ডাক

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা করছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। আর এমনটি হলে নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর দিয়ে’ ক্ষমতা থেকে বিতাড়নের আহ্বান জানিয়েছেন তিনি। 

গত রোববার (১৪ জুন) ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন বারাক।


বিজ্ঞাপন


ইসরায়েলে আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বারাকের আশঙ্কা, নেতানিয়াহু লেবাননে ইচ্ছাকৃতভাবে সামরিক অভিযান বা বোমাবর্ষণ বাড়িয়ে এমন পরিস্থিতি তৈরি করতে পারেন, যাতে হিজবুল্লাহ ও ইরান পাল্টা হামলা চালায় এবং যুদ্ধ পরিস্থিতির অজুহাতে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। 

image
সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাক

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার আশঙ্কা, নেতানিয়াহু নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন এবং তিনি খুব সহজেই তা করতে পারবেন। যদি তিনি এমন চেষ্টা করেন, তাহলে তাকে লাঠি ও পাথর দিয়ে মেরে সরিয়ে দেয়া ছাড়া আমাদের আর কোনও উপায় থাকবে না।’

নেতানিয়াহুর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, ঘুষ ও জালিয়াতিসহ একাধিক দুর্নীতির মামলা প্রসঙ্গ টেনে বারাক আরও অভিযোগ করেন, ‘নেতানিয়াহু অন্তহীন যুদ্ধ চান। যেভাবে তিনি হামাসের সঙ্গে কিছু বন্দি বিনিময় চুক্তি বাধাগ্রস্ত করেছেন, একইভাবে লেবানন ইস্যুতেও অগ্রগতির সম্ভাবনা আটকে দিয়েছেন। কারণ তিনি বোঝেন, যুদ্ধ শেষ হলে তার বিচার প্রক্রিয়া আরও দ্রুত এগোবে।’


বিজ্ঞাপন


১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এহুদ বারাক যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তিরও সমালোচনা করেন। 

তার মতে, ‘নেতানিয়াহুর ঔদ্ধত্য ও দূরদর্শিতার অভাবের মূল্য এখন ইসরায়েলকে দিতে হচ্ছে’। বারাকের দাবি, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধের কোনও লক্ষ্যই অর্জিত হয়নি।’

এদিকে এহুদ বারাকের এসব মন্তব্য ঘিরে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে নেতানিয়াহুর রাজনৈতিক দল লিকুদ পার্টির পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। 

লিকুদ পার্টির আইনপ্রণেতা এবং ইসরায়েলি পার্লামেন্ট- নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান বোয়াজ, সাবেক এই প্রধানমন্ত্রীর মানসিক অবস্থা পরীক্ষার পাশাপাশি তার বিরুদ্ধে দ্রুত ফৌজদারি তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সহিংসতাকে বৈধতা দেয়ার চেষ্টা করেছেন বারাক। তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠানো উচিত। আর যদি মানসিকভাবে সুস্থ প্রমাণিত হন, তাহলে তার বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি তদন্ত শুরু করা উচিত।’

উল্লেখ্য, ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন লেবার পার্টির নেতা এহুদ বারাক। তার শাসনামলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সিরিয়ার সাথে আলোচনা এবং ২০০০ সালে ঐতিহাসিক ক্যাম্প ডেভিড সম্মেলনে ফিলিস্তিনি নেতাদের সাথে শান্তি চুক্তির প্রচেষ্টা চালান। পরবর্তীতে ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন। 

 

সূত্র: আনাদোলু

এমএইচআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর