সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

১৬ বছরের নিচে ফেসবুক-টিকটক নিষিদ্ধ করল যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

১৬ বছরের নিচে ফেসবুক-টিকটক নিষিদ্ধ করল যুক্তরাজ্য

যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স (টুইটার) এবং স্ন্যাপচ্যাটসহ সব ধরনের প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অনলাইনে শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

ব্রিটিশ সরকার জানিয়েছে, শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করতে ‘হাইলি ইফেকটিভ এজ অ্যাশিওরেন্স’ বা কার্যকর বয়স যাচাই ব্যবস্থা ব্যবহার করা হবে। এর মাধ্যমে কোনো ব্যক্তির বয়স নির্ভুলভাবে অনুমান বা যাচাই করা হবে। এ জন্য মুখমণ্ডল স্ক্যান করা বা পরিচয়পত্র জমা দেওয়ার মতো পদ্ধতি ব্যবহার করবে প্ল্যাটফর্মগুলো।


বিজ্ঞাপন


সরকার আরও জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থা অফকম দ্রুতই একটি সমীক্ষা চালিয়ে ১৬ বছরের বেশি বয়সী ব্যবহারকারীদের যাচাইয়ের সবচেয়ে কার্যকর পদ্ধতি নির্ধারণ করবে।

যুক্তরাজ্যে শিশুদের প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত কনটেন্টে প্রবেশ ঠেকাতে পর্নোগ্রাফি ওয়েবসাইটসহ কিছু প্ল্যাটফর্মকে ইতোমধ্যেই একই ধরনের বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হয়।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এক্স। এছাড়াও গেমিং সাইট বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে ১৬ বছরের কম বয়সীদের লাইভ স্ট্রিমিং করা এবং অপরিচিতদের সাথে যোগাযোগ করার ফিচারগুলোও ব্লক করা হবে।

তবে ব্যক্তিগত যোগাযোগের অ্যাপ যেমন—হোয়াটসঅ্যাপ এবং সিগন্যাল এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।


বিজ্ঞাপন


টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, ‘সম্পূর্ণ নিষেধাজ্ঞাই সঠিক সিদ্ধান্ত। আমাদের শিশুদের নিরাপত্তার প্রশ্নে আমি কোনো ধরনের আপস করতে চাই না’।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য সরকার ২০২৬ সালের ক্রিসমাসের (ডিসেম্বর) আগেই এই বিলটি পার্লামেন্টে পাস করার পরিকল্পনা করেছে। আইনটি ২০২৭ সালের শুরুর দিকে এটি পুরোপুরি কার্যকর হতে পারে।

সরকারি জরিপ ও আলোচনায় দেখা গেছে, যুক্তরাজ্যের প্রায় ১০ জনের মধ্যে ৯ জন (৯০ শতাংশ) অভিভাবক শিশুদের সুরক্ষায় এই নিষেধাজ্ঞা সরাসরি সমর্থন করেছেন।

উল্লেখ্য, যুক্তরাজ্য এই মডেলটি মূলত অস্ট্রেলিয়ার আইন অনুসরণ করে তৈরি করছে, যারা গত বছর প্রথম অনুর্ধ্ব-১৬ শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছিল। 

সূত্র: বিবিসি

এমএইচআর

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর