পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার মারদান শহরে দেশটির বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটির দুই পাইলটই নিহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মহড়ায় থাকাকালীন বিধ্বস্ত হয়। এর ফলে পাকিস্তান বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মুহাম্মদ কাসিম আবদুল্লাহ এবং পাকিস্তান নৌবাহিনীর লেফটেন্যান্ট তাহা আব্বাসী শাহাদাত বরণ করেছেন’।
বিজ্ঞাপন
এতে আরও বলা হয়েছে, দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য বিমান সদর দফতর একটি তদন্ত বোর্ড গঠন করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, অন্যান্য বাহিনীর প্রধানগণ এবং পাকিস্তান সশস্ত্র বাহিনীর সকল পদমর্যাদার সদস্য এই মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন।
দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও এই ‘দুঃখজনক দুর্ঘটনায়’ গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহত পাইলটদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
প্রসঙ্গত, মাত্র পাঁচ দিনের ব্যবধানের পাকিস্তানের সামরিক বাহিনীতে এটি দ্বিতীয় বিমান দুর্ঘটনার। এর আগের বুধবার মুজাফফারাবাদের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমানবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়।
বিজ্ঞাপন
আইএসপিআর সেই সময় জানিয়েছিল, ওই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সকল আরোহী নিহত হন।
সূত্র: ডন
এমএইচআর




