ভারতের ৩১তম সেনাপ্রধান (সিওএএস) হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হবেন এবং আগামী ৩০ জুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পুনের খাদকওয়াসলার জাতীয় প্রতিরক্ষা একাডেমির সাবেক ছাত্র। এছাড়া তিনি ফ্রান্সের প্যারিসে মর্যাদাপূর্ণ 'কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স' সম্পন্ন করেছেন।
বিজ্ঞাপন
১৯৮৬ সালের ডিসেম্বরে আর্মার্ড কোরে কমিশন লাভ করেন ধীরাজ। বিগত ৩০ বছরের মধ্যে তিনি প্রথম আর্মার্ড কোরের কর্মকর্তা যিনি সেনাপ্রধান হতে যাচ্ছেন।
দীর্ঘ প্রায় চার দশকের সামরিক ক্যারিয়ারে সাউদার্ন কমান্ড ও সাউথ ওয়েস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ সহ বহু গুরুত্বপূর্ণ কৌশলগত ও অপারেশনাল পদের দায়িত্ব সামলেছেন ধীরাজ শেঠ। এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা ও দীর্ঘমেয়াদী রূপান্তরে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি।
ধীরাজ শেঠ এমন এক সময়ে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন যখন বৈশ্বিক ভূ-কৌশলগত পরিবেশ ছিল গতিশীল এবং প্রযুক্তিগত অগ্রগতি ও আধুনিক যুদ্ধের সদা পরিবর্তনশীল চরিত্রের কারণে নিরাপত্তা ক্ষেত্রের চ্যালেঞ্জগুলো আরও প্রকট হয়ে উঠছিল।
এদিকে আগামী ৩০ জুন অবসরে যাচ্ছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ২০২৪ সালের জুন মাসে সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের কাছ থেকে ৩০তম সেনাপ্রধান (সিওএএস) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি, চলতি মাসে তার মেয়াদ শেষ হচ্ছে। ৪০ বছরেরও বেশি সময়ের সামরিক ক্যারিয়ারে জেনারেল দ্বিবেদীর মেয়াদে সবচেয়ে বড় পদক্ষেপ ছিল ২০২৫ সালের মে মাসে পরিচালিত ‘অপারেশন সিন্দুর’।
বিজ্ঞাপন
সূত্র: এনডিটিভি
এমএইচআর




