বিশ্ববাজারে তেলের দামের ওঠানামার সাথে সামঞ্জস্য রেখে ফের পেট্রোল-ডিজেলের দাম কমালো পাকিস্তান সরকার। এ দফায় গ্রাহক পর্যায়ে পেট্রোলের দাম প্রতি লিটারে ৪ রুপি এবং হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম প্রতি লিটারে ২ রুপি কমানো হয়েছে। তবে এর বিপরীতে কেরোসিনের দাম কিছুটা বাড়ানো হয়েছে।
শুক্রবার পাকিস্তান সরকারে জ্বালানি মন্ত্রণালয়ের পেট্রোলিয়াম বিভাগ এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণ করে, যা আজ শনিবার (১৩ জুন) থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞাপন
নতুন দাম অনুযায়ী, পেট্রোলের দাম লিটারে ৪ রুপি কমিয়ে ৩৭৩.৭৮ রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম লিটারে ২ রুপি কমিয়ে ৩৭৮.৭৮ রুপি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে কেরোসিন তেলের দাম প্রতি লিটারে ১.৪৯ রুপি বাড়িয়ে প্রতি লিটার ২৮০.৭০ রুপি নির্ধারণ করা হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, এই নিয়ে টানা পঞ্চমবারের মতো পেট্রোলের দাম কমানো হলো, এতে মোট প্রতি লিটারে ৪১ রুপি দাম কমেছে। এরআগে সরকার ডিজেলের দাম অপরিবর্তিত রেখে প্রতি লিটার পেট্রোলের দাম ৪ রুপি কমানো হয়।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের জেরে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহনের সমুদ্র পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। এতে জ্বালানির আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং দাম হু হু করে বেড়ে যায়। এর প্রভাব পড়ে পাকিস্তানেও, দেশটি আমদানিকৃত জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনার কারণে বিশ্ববাজারে তেলের দরপতন ঘটে, যার সুফল পাচ্ছে পাকিস্তান।
সূত্র: ডন
বিজ্ঞাপন
এমএইচআর




