ভারতের আসাম রাজ্যের জোরহাটে ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর সেটিতে আগুন ধরে যায়।
শনিবার (১৩ জুন) সকালে জোরহাটের এয়ার ফোর্স স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
অবতরণের সময় বিমানটি এয়ার ফোর্স স্টেশনের ভেতরেই ভেঙে পড়ে, এরপর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর আগুন নিয়ন্ত্রণে জরুরি উদ্ধার ও অগ্নিনির্বাপণ দল পাঠানো হয়।
দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এতে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেছে কি না, তাও স্পষ্ট নয়। পরিস্থিতি পর্যালোচনার পর আরও তথ্য জানানোর কথা বলা হয়েছে ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে।
বিমানবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা জোরহাটে আইএএফ পরিবহন বিমানের দুর্ঘটনার বিষয়ে অবগত আছি। বিস্তারিত তথ্যের অপেক্ষায় আছি।’
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও জানিয়েছেন, তারা ঘটনার বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন।
বিজ্ঞাপন
এএন-৩২ একটি দ্বৈত ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা দীর্ঘদিন ধরে ভারতীয় বিমানবাহিনীর বহরে রয়েছে। যাকে ভারতীয় বিমানবাহিনীর “ওয়ার্কহর্স” বলা হয়। মূলত সোভিয়েত ইউনিয়নে ভারতীয় চাহিদা অনুযায়ী এটি তৈরি করা হয়। ভারতের বিমান বাহিনীর বহরে প্রায় ১০০টি এ ধরনের বিমান রয়েছে।
বিমানটি কঠিন পরিবেশে কাজ করার জন্য বিশেষভাবে তৈরি—উচ্চ পার্বত্য এলাকা এবং গরম ও আর্দ্র আবহাওয়াতেও এটি কার্যকরভাবে চলতে পারে। এটি সর্বোচ্চ ৭.৫ টন পণ্য, ৫০ জন যাত্রী বা ৪২ জন প্যারাট্রুপার বহন করতে সক্ষম। দূরবর্তী এলাকায় সরবরাহ পৌঁছে দিতে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সূত্র: এনডিটিভি।
এমআর




