শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

ইরানের সঙ্গে সমঝোতা হয়েছে, সপ্তাহের শেষেই চুক্তি ইউরোপে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৯:১৯ এএম

শেয়ার করুন:

Trump

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি চলতি সপ্তাহের শেষে ইউরোপে স্বাক্ষর হতে পারে। তবে তিনি নিজে সেখানে না থাকলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত থাকবেন। খবর আলজাজিরার।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষর হলেই হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে। এই প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ।


বিজ্ঞাপন


এদিকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা ও বোমাবর্ষণ বাতিল করেছেন। তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ইরানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।

এর আগে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর খুব শক্তিশালী হামলা চালাতে পারে এবং দেশটির গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ও খার্গ দ্বীপ নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের হামলাকে নিন্দা জানিয়ে বলেছে, এতে চলমান যুদ্ধবিরতি কার্যত অকার্যকর হয়ে পড়েছে।


বিজ্ঞাপন


ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডান, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে।

এ ছাড়া ইরানের সামরিক বাহিনী হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে, যা বিশ্ব জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দফতর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের সঙ্গে একটি বড় সমঝোতায় পৌঁছাতে পেরেছি। এই সমঝোতা একটা শান্তিচুক্তি স্বাক্ষরের পথে আমাদের নিয়ে যাবে।’

‘চুক্তি স্বাক্ষর করামাত্র হরমুজ প্রণালি আনুষ্ঠানিকভাবে খুলে যাবে। শিগগির এবং খুব শিগগিরই, ইউরোপের স্থানীয় সময় অনুযায়ী হয়তো এ সপ্তাহের শেষেই আমরা চুক্তি স্বাক্ষর করতে পারব।’

প্রস্তাবিত এই চুক্তি সম্পর্কে ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের সব মিত্রের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে বলেও বৃহস্পতিবারের মত বিনিময়ের সময় জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইরান কখনও পরমাণু অস্ত্রের মালিক হতে পারবে না—  এমন নিশ্চয়তা। এই যে এত কিছু ঘটল, এসবের মূল উদ্দেশ্য একটি শান্তি চুক্তিস্বাক্ষর। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ।’

এদিকে হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে হামলার যে নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, বৃহস্পতিবার তা প্রত্যাহার করেছেন তিনি। ওভাল অফিসে ব্রিফিংয়ের সময় এ সম্পর্কিত প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, চুক্তির চূড়ান্ত পয়েন্টগুলো নিয়ে আলেচনা করতেই হামলার প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে মতবিরোধের জেরে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে মার্কিন বাহিনী। টানা ৪০ দিন সংঘাতের পর ৮ এপ্রিল ইরানে যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প, কাগজে-কলমে এখনও সেই বিরতি চলছে।

‘ইরানের সঙ্গে চুক্তিস্বাক্ষর চূড়ান্ত পর্যায়ে আছে’— ট্রাম্পের এমন দাবি অবশ্য এই প্রথম নয়। গত মার্চ মাস থেকে এ পর্যন্ত একাধিকবার এমন দাবি করেছেন তিনি।

সূত্র: আল জাজিরা/এএফপি/এনডিটিভি ওয়ার্ল্ড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর