বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

এবার পদত্যাগ করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম

শেয়ার করুন:

এবার পদত্যাগ করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

সামরিক ব্যয় ও বাজেট বরাদ্দ নিয়ে তীব্র বিরোধের জেরে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হেলি পদত্যাগ করেছেন। এনিয়ে গত এক মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মন্ত্রিসভা থেকে অন্তত ৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন, যা তার সরকারের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১১ জুন) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে তার পদত্যাগপত্র জমা দেন হেলি। 


বিজ্ঞাপন


স্টারমারকে লেখা এক চিঠিতে হেলি বলেন, দেশের দীর্ঘমেয়াদি সামরিক পরিকল্পনা বা ডিফেন্স ইনভেস্টমেন্ট প্ল্যান (ডিআইপি)-এর জন্য যে পরিমাণ আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে, তা বর্তমান ঝুঁকিপূর্ণ বৈশ্বিক পরিস্থিতিতে দেশের নিরাপত্তার জন্য একেবারেই অপর্যাপ্ত। 

তিনি অভিযোগ করেছেন, ক্রমবর্ধমান আন্তর্জাতিক হুমকির এই সময়ে দেশকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সম্পদ দিতে প্রধানমন্ত্রী ‘অক্ষম’ হয়েছেন এবং দেশটির অর্থ মন্ত্রণালয় পর্যাপ্ত বরাদ্দ দিতে ‘অনিচ্ছুক’ ছিল।

হেলি সতর্ক করে দিয়ে বলেছেন, পর্যাপ্ত বাজেট না পাওয়ায় তাকে এমন কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হতো যা ব্রিটিশ সশস্ত্র বাহিনীর প্রস্তুতিকে দুর্বল করত এবং সামরিক বাহিনীকে আরও ঝুঁকির মুখে ফেলত।

মূলত, যুক্তরাজ্যের প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে সামরিক ব্যয় বাড়ানোর বিষয়ে গত কয়েক মাস ধরে টানা আলোচনা চলছিল। এই বাজেট বিলম্বের কারণে ব্রিটেনের প্রতিরক্ষা শিল্প খাতও ক্ষুব্ধ ছিল। কারণ ভূ-রাজনৈতিক অস্থিরতার এই সময়ে দীর্ঘমেয়াদি নিরাপত্তা কর্মসূচিতে তারা বিনিয়োগ করতে পারছিল না।


বিজ্ঞাপন


আগামী জুলাই মাসে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনের আগেই এই ‘ডিফেন্স ইনভেস্টমেন্ট প্ল্যান’ জনসমক্ষে প্রকাশ করার কথা ছিল, যার ঠিক আগমুহূর্তে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর এই পদত্যাগ সরকারের ভেতরের বড় ফাটলকে সামনে নিয়ে এলো।

এরআগে গত মে মাসের ১২ থেকে ১৪ তারিখের মধ্যে মাত্র তিন দিনে স্টারমার সরকারের ৫ জন গুরুত্বপূর্ণ মন্ত্রী পদত্যাগ করেন। 

সূত্র: দ্য টেলিগ্রাফ

এমএইচআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর