বুধবার, ১০ জুন, ২০২৬, ঢাকা

৪৩৯৯ দিন ক্ষমতায়

ভারতের দীর্ঘতম মেয়াদে প্রধানমন্ত্রী থাকার রেকর্ড মোদির

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

ভারতের দীর্ঘতম মেয়াদে প্রধানমন্ত্রী থাকার রেকর্ড মোদির

টানা ৪ হাজার ৩৯৯ দিন পদে থেকে স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়েছেন নরেন্দ্র মোদি। এর আগে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহেরুর টানা ৪ হাজার ৩৯৮ দিন দায়িত্ব পালনের রেকর্ডটি ছিল দীর্ঘ ছয় দশকের বেশি পুরোনো।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদি। এরপর ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পরপর জয়ী হয়ে টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন তিনি। 


বিজ্ঞাপন


গত বছর ইন্দিরা গান্ধীর একটানা প্রধানমন্ত্রিত্বের রেকর্ডও অতিক্রম করেছিলেন মোদি। এবার তিনি নেহরুর দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্বে থাকা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নতুন নজির স্থাপন করলেন।এছাড়াও মোদিই ভারতের একমাত্র অ-কংগ্রেসীয় নেতা যিনি টানা তিনবার নিরঙ্কুশ বা সংখ্যাগরিষ্ঠ জোটের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে এই ঐতিহাসিক মাইলফলক অর্জনের পর বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা নরেন্দ্র মোদিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তার অর্থনৈতিক অগ্রগতি ও বিশ্ব মঞ্চে ভারতের অবস্থানের উন্নতির জন্য প্রশংসা করেছেন।

প্রধানমন্ত্রী মোদির এই অর্জনের প্রতিক্রিয়ায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েকের লেখা একটি চিঠিতে লঙ্কান সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। 

তিনি বলেছেন, ‘এই মাইলফলক কেবল আপনার দীর্ঘ কর্মজীবনের প্রমাণ নয়, বরং বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জনগণের আপনার নেতৃত্বের প্রতি অগাধ আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।’


বিজ্ঞাপন


ভারতের অসাধারণ অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের বিষয়টিও তুলে ধরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী মোদির দূরদর্শী চিন্তাধারা ভারতের সীমানা ছাড়িয়ে শ্রীলঙ্কা-সহ অনেক দেশকে অনুপ্রাণিত করেছে। 

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বলেন, এই অর্জন দেশের (ভারত) প্রতি প্রধানমন্ত্রী মোদির দীর্ঘ বছরের সেবা ও অঙ্গীকারেরই প্রতিফলন। 

মোদির নেতৃত্ব এবং ভারতের উন্নয়নে তার অবদানেরও প্রশংসা করেন করে তিনি আরও বলেন, ‘এই অর্জনটি তার (মোদির) কয়েক দশকের নিবেদিত জনসেবা এবং নেতৃত্বের এক শক্তিশালী প্রমাণ’।

মার্কিন সিনেটের ইন্ডিয়া ককাসের সহ-সভাপতি জন কর্নিনও প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানিয়েছেন এবং তার মেয়াদকে যুগান্তকারী বলে অভিহিত করেছেন। 

এক্স পোস্টে করনিন লিখেছেন, ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন। টানা তিনটি গণতান্ত্রিক নির্বাচনী ম্যান্ডেটের মাধ্যমে ১৪০ কোটিরও বেশি মানুষের আস্থা অর্জন করে তিনি ৪ হাজার ৩৯৯ দিনের এই নেতৃত্বের মাইলফলক স্পর্শ করেছেন।

তিনি আরও বলেন, ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনা থেকে শুরু করে ভারতকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিতে পরিণত করা পর্যন্ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামল ছিল সত্যিই রূপান্তরধর্মী। যুক্তরাষ্ট্র-ভারত অংশীদারিত্বও এর আগে কখনও এত শক্তিশালী ছিল না।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও মোদির নেতৃত্বকে ‘দূরদর্শী ও প্রভাবশালী’ বলে উল্লেখ করেন। তিনি জানিয়েছেন, ভারত-ইতালি কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করতে মোদির সঙ্গে কাজ চালিয়ে যেতে তিনি আগ্রহী।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার এই ঐতিহাসিক অর্জনের জন্য প্রধানমন্ত্রী মোদিকে আন্তরিক অভিনন্দন। এই অর্জন ভারতের উন্নয়ন, সমৃদ্ধি এবং বিশ্বমঞ্চে দেশের অবস্থান শক্তিশালী করতে তার দীর্ঘদিনের নিবেদিত জনসেবা ও নেতৃত্বের প্রমাণ।

ভুটানের প্রধানমন্ত্রী তেশেরিং তোবগে প্রধানমন্ত্রী মোদিকে ‘বন্ধু ও দূরদর্শী নেতা’ হিসেবে উল্লেখ করে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘ভারতের উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে মোদীর অবদান অনস্বীকার্য।’ 

এছাড়া পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে একটি ব্যক্তিগত ভিডিও বার্তা পাঠিয়ে প্রধানমন্ত্রী মোদীকে ‘নেতৃত্বের এক রোল মডেল ও উদাহরণ’ হিসেবে বর্ণনা করেছেন। 

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস 


এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর