সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ জুন ২০২৬, ০৭:০৫ এএম

শেয়ার করুন:

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

উত্তর ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানোর দাবি করেছে তেহরান।

আইআরজিসির বরাতে জানা গেছে, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি সামরিক অভিযানের জবাব হিসেবে উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। স্থানীয় সময় রোববার (০৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে হামলার ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


হামলার পর উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরান থেকে নিক্ষেপ করা অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। ফলে কোনো ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।

এদিকে হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইসরায়েল সরকার। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন প্রশাসন সাময়িকভাবে স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নাগরিকদের নিরাপদ আশ্রয়কেন্দ্র ও সুরক্ষিত স্থানে অবস্থানের আহ্বান জানানো হয়েছে।

এর আগে, ৬ জুন লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়েহ এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। ওই হামলায় চার শিশুসহ অন্তত ২০ জন আহত হন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

একই দিনে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকাতেও বিমান অভিযান চালানো হয়। এসব হামলায় লেবাননের সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেলসহ কয়েকজন সেনাসদস্য নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


বিজ্ঞাপন


ক্ষেপণাস্ত্র হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর উপদেষ্টা মোহসিন রেজায়ি বলেন, লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন ও ধারাবাহিক আগ্রাসনের বিরুদ্ধে এটি একটি জবাব। তিনি আরও সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের হামলা অব্যাহত থাকলে ইরানের প্রতিক্রিয়া আরও কঠোর হতে পারে।

অন্যদিকে ইরানের হামলার পর ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভর সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, ইরানের কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেওয়া হবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, আল-জাজিরা, সিএনএন

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর