শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

কলকাতা মোহামেডানের নতুন সভাপতি হুমায়ুন কবীর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

কলকাতা মোহামেডানের নতুন সভাপতি হুমায়ুন কবীর

ভারতের পশ্চিমবঙ্গের মোহামেডান ক্লাবের নতুন সভাপতি হলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। 

শনিবার (৬ জুন) দুপুরে নতুন সভাপতিকে মোহামেডান ক্লাবে সংবর্ধনা দেওয়া হবে। গত কয়েক দিন ধরে ক্লাবের সদস্য-সমর্থকেরা তৎকালীন সভাপতি আমিরুদ্দিন ববির পদত্যাগের দাবি করছিলেন। 


বিজ্ঞাপন


তার জেরে শুক্রবার আমিরউদ্দিন পদত্যাগ করেন। তার বদলে ক্লাবের নতুন সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হল হুমায়ুনকে।

মোহামেডান ক্লাব সূত্রে জানা গেছে, ক্লাবের বাকি যে কমিটিগুলি আছে, সেগুলি আগের মতেই থাকছে। শুধু সভাপতি বদল হয়েছে। নতুন সভাপতির অধীনে ক্লাবের কাজকর্ম কী রকম হচ্ছে এবং আর্থিক সঙ্কট মেটে কি না, তা আগামী এক মাস ধরে পর্যবেক্ষণ করা হবে। তার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

গত কয়েক বছর ধরেই আর্থিক সমস্যায় ভুগছিল মোহামেডান ক্লাব। তার জেরে আমিরুদ্দিনকে বর্তমান কমিটি থেকে সরে যাওয়ার দাবি বার বার উঠেছিল ক্লাব সদস্য-সমর্থকদের তরফ থেকে। 

বিধানসভা ভোটে বিজেপি জেতার পর, যখন নতুন সরকার গঠন হয়, এই দাবি আরও জোরালো হয়ে ওঠে।


বিজ্ঞাপন


এর আগে ক্লাব আর্থিক সাহায্যের জন্য রাজ্যের দুই মুসলিম বিধায়ক আইএসএফের নওশাদ সিদ্দিকি এবং হুমায়ুনের কাছে দ্বারস্থ হয়। দুই বিধায়ককে চিঠি পাঠিয়ে নতুন স্পনসর খুঁজে আনার ব্যাপারেও সাহায্য চায় তারা।

মোহামেডানের মাথায় এখন ১৩ কোটি টাকার দেনা। পাশাপাশি পরের মৌসুমের দল গড়ার অর্থও দরকার। কিন্তু ক্লাবের হাতে অর্থ না থাকায় গোটা প্রক্রিয়াটাই বিশ বাঁও জলে। 

কয়েক মাস আগে নওশাদ জানিয়েছিলেন, ইস্টবেঙ্গল এবং মোহানবাগানের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ততটা মোহামেডানের পাশে দাঁড়াননি। 

তখন দাবি করেছিলেন, চাইলে তিনি স্পনসরের ব্যবস্থা করতে পারেন। পরে হুমায়ুনও মোহামেডানের অচলাবস্থা কাটানোর ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন। দুই আলাদা রাজনৈতিক দলের বিধায়ককেই চিঠি পাঠানো হয়।

এই বছর প্রথমবার যোগ্যতা অর্জন করে আইএসএল খেলার সুযোগ পায় মোহামেডান। তবে তাদের খেলা অত্যন্ত হতাশাজনক ছিল।

ট্রান্সফার ব্যান এবং ঠিক করে দল গড়তে না পেরে এবার আইএসএল থেকে অবনমনও হতে হয়েছে মহমেডানকে। পয়েন্ট তালিকায় সবার নীচে ছিল তারা।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর