বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

ইরানে বিভেদ সৃষ্টি করতে ‘হাইব্রিড যুদ্ধ’ চালাচ্ছে শত্রুরা: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

ইরানে বিভেদ সৃষ্টি করতে ‘হাইব্রিড যুদ্ধ’ চালাচ্ছে শত্রুরা: খামেনি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধক্ষেত্রে পরাজিত হওয়ার পর এখন ইরানিদের মধ্যে বিভেদ ও বিচ্ছিন্নতা তৈরির জন্য ‘হাইব্রিড যুদ্ধ’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। 

ইরানি আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুলল্লাহ খোমেনির ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক লিখিত বার্তায় তিনি এই মন্তব্য করেন।


বিজ্ঞাপন


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম স্পষ্টভাবে উল্লেখ না করে বার্তায় মোজতোবা খামেনি বলেন, ‘শত্রু সামরিকভাবে পরাজিত হয়েছে এবং এখন তারা অশুভ লক্ষ্য অর্জনের জন্য ইরানি জাতির মধ্যে বিভেদ ও মতপার্থক্য সৃষ্টি করে পরিস্থিতি পাল্টানোর চেষ্টা করছে। এরই অংশ হিসেবে তারা ইরানের বিরুদ্ধে সামরিক ও মনস্তাত্ত্বিক উভয় ধরনের হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে’।

ইরানি জনগণের উদ্দেশ্যে তিনি জোর দিয়ে বলেছেন, ‘ইরানের জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রত্যেককে অবশ্যই দৃঢ়তা, অন্তর্দৃষ্টি, ঐক্য ও সংহতি বজায় রাখার মাধ্যমে তাদের এই ঘৃণ্য চক্রান্তকে নস্যাৎ করতে হবে।’ 

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল ও মার্কিন বাহিনী। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ তার পরিবারের অনেকে নিহত হয়। তবে সেইদিন অল্পের জন্য বেঁচে যান তার ছেলে মোজতবা খামেনি। 


বিজ্ঞাপন


এরপর গত ৮ মার্চ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করে তেহরান। এরপর থেকে বিভিন্ন সময়ে বার্তা দিয়ে আসছেন তিনি, যেগুলো রাষ্ট্রীয় টেলিভিশনের পড়ে শোনানো হয়। তবে এখন পর্যন্ত নতুন সর্বোচ্চ নেতা কোনো ছবি, ভিডিও বা অডিও রেকর্ডিং প্রকাশিত হয়নি। এতে তার অবস্থান, শারীরিক অবস্থা এবং শাসন করার ক্ষমতা এখনও অনেকাংশেই একটি রহস্য হয়ে রয়েছে।

এদিকে গত এপ্রিল মাসের শুরুতে একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সবচেয়ে তীব্র ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। যার সর্বশেষ ধারাবাহিকতায় ইরান এই অঞ্চলজুড়ে মার্কিন সামরিক স্থাপনা এবং কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে আকস্মিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যাতে একজন ভারতীয় নাগরিক নিহত হন। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বারবার দাবি করেছেন, তিনি একটি স্থায়ী যুদ্ধ-সমাপ্তি চুক্তিতে স্বাক্ষর করার খুব কাছাকাছি আছেন, যা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে এবং একই সঙ্গে ইরানের পারমাণবিক কার্যক্রম চিরতরে বন্ধ করে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সম্পূর্ণ নির্মূল করবে।

সূত্র: আনাদোলু  

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর