হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে হামলা চালানোর দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। ‘আত্মরক্ষামূলক’ তারা এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে।
এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, মার্কিন বাহিনী ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করেছে।
বিজ্ঞাপন
সেন্টকমের ভাষ্য অনুযায়ী, ইরান আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর দিকে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, তবে সেগুলোর কোনোটিই নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।
বিবৃতিতে বলা হয়, কুয়েতের দিকে ছোড়া ইরানের দুটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ে বা পথেই বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে বাহরাইনের দিকে নিক্ষেপ করা তিনটি ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ও বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে ভূপাতিত করে।
এর আগে বাহরাইন ও কুয়েতে বিমান হামলার সতর্কসংকেত (এয়ার রেইড সাইরেন) বেজে ওঠার খবর পাওয়া যায়।
এদিকে ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, কেশম শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনাটির কারণ অনুসন্ধান করা হচ্ছে। সূত্র: আল জাজিরা।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, কেশম দ্বীপটি ইরানের বন্দর নগরী বন্দর আব্বাস থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির প্রবেশদ্বারে অবস্থিত। অত্যন্ত সংবেদনশীল এই অঞ্চলে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী ঘাঁটি রয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক উত্তেজনার কারণে এই দ্বীপের নিরাপত্তা পরিস্থিতি সবসময় কঠোর নজরদারিতে রাখা হয়।
এমআর




