জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মহামান্য ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন। এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি। এটি নিঃসন্দেহে বাংলাদেশের জনগণ এবং বৃহত্তর অঞ্চলের জন্য একটি গর্বের মুহূর্ত।’
বিজ্ঞাপন
Warm congratulations to His Excellency Dr Khalilur Rahman, Foreign Minister of Bangladesh, on his election as the President of the 81st session of the #UNGA. I wish you every success in this important role.
— Dr Mohamed Muizzu (@MMuizzu) June 2, 2026
I am confident that under your able leadership, the General Assembly…
মালদ্বীপের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, ড. খলিলুর রহমানের দক্ষ পরিচালনায় সাধারণ পরিষদ সদস্য রাষ্ট্রগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাবে।
এরআগে মঙ্গলবার (২ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত হয় সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদের নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং সাইপ্রাসের বহুপাক্ষিকতা-বিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত আন্দ্রেয়াস কাকৌরিস।
নির্বাচনে ১৯০টি ভোটের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি এবং প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পেয়েছেন ৯১টি দেশের ভোট।
বিজ্ঞাপন
নির্বাচিত খলিলুর রহমান আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন তিনি।
এর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
এমএইচআর




