মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

একরাতে ইউক্রেনে ৬৫৬টি ড্রোন ও ৭৩টি ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ জুন ২০২৬, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

একরাতে ইউক্রেনে ৬৫৬ ড্রোন ও ৭৩ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে সোমবার রাতভর রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় ৬৫৬টি ড্রোন এবং ৭৩টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলায় কমপক্ষে ১৮ জন নিহত এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।   

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এক মাসেরও কম সময়ের মধ্যে ইউক্রেনের ওপর এটি ছিল তৃতীয় বড় ধরনের হামলা। রাজধানী কিয়েভ ছিল এই হামলার মূল লক্ষ্য। এছাড়া দিনিপ্রো, খারকিভ, জাপোরিঝিয়া এবং পলতাভা অঞ্চলে অসংখ্য আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। 


বিজ্ঞাপন


image

সম্প্রতি ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে প্রাণঘাতী ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে রাশিয়া এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ মস্কো গত সপ্তাহে পদ্ধতিগত হামলার হুঁশিয়ারি দিয়েছিল এবং বিদেশিদের কিয়েভ ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, ‘এটি একটি বড় আকারের হামলা এবং রাশিয়ার পক্ষ থেকে একটি অত্যন্ত স্পষ্ট বার্তা: যদি ইউক্রেনকে ব্যালিস্টিক ও অন্যান্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করা না হয়, তাহলে এই হামলাগুলো চলতে থাকবে।’ 

রাশিয়ার এই ধরণের হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আবারও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


এদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া ৬৫৬টি ড্রোন ও ৭৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে ৮টি জিরকন হাইপারসনিক মিসাইল, ৩৩টি ইস্কান্দার-এম ব্যালিস্টিক মিসাইল- যা ভূপাতিত করা যায় না, ২৭টি কেএইচ-১০১ ক্রুজ মিসাইল এবং ৫টি কালিব্র ক্রুজ মিসাইল ছিল। ড্রোনগুলোর মধ্যে শাহেদ, গেরবেরা, ইতালমাস, বান্দেরোল এবং পারোদিয়া (নকল ড্রোন) অন্তর্ভুক্ত ছিল।

ইউক্রেনীয় বাহিনী আরও দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে ৬০২টি ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত বা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, রাশিয়ান বিমান বাহিনী গত রাতে মোট ১৪৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এছাড়াও রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপোলের আকাশেও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ড্রোন প্রতিহত করেছে।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার পেছনে কৌশলগত বেশ কয়েকটি বড় কারণ রয়েছে। এরমধ্যে অন্যতম হচ্ছে- ইরানের সঙ্গে যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্রের সামরিক মনোযোগ ইউক্রেন থেকে সরে গেছে। এর ফলে ইউক্রেন সময়মতো প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র পাচ্ছে না। ইউক্রেনের এই দুর্বলতার সুযোগ নিচ্ছে রাশিয়া।

সূত্র: রয়টার্স

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর