বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ঢাকা

এবার ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২৬, ০৮:১১ পিএম

শেয়ার করুন:

ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ফের ১০ বিলিয়ন ডলারের মামলা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে অন্তত ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা করেছেন। জেফরি এপস্টেইনের সঙ্গে তার কথিত সম্পর্ক নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনের জেরে এই মামলা দায়ের করা হয়। এর আগে আদালত আইনি ত্রুটির কারণে একই ধরনের একটি মামলা খারিজ করে দিয়েছিলেন।

নতুন মামলায় ট্রাম্প অভিযোগ করেছেন, একটি প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, এপস্টেইনের জন্মদিন উপলক্ষে দেওয়া একটি কার্ডে ট্রাম্পের স্বাক্ষর ছিল। তবে ট্রাম্প ও তার আইনজীবীরা বলছেন, ওই কার্ডটি ভুয়া।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৮ মে) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, মিয়ামির ফেডারেল আদালতে গতকাল বুধবার করা সংশোধিত ওই মামলায় অভিযুক্ত করা হয়েছে মিডিয়া মোগল রুপার্ট মারডক, মার্কিন শেয়ারবাজারের অন্যতম প্রাচীন ও প্রধান সূচক ডো জোন্স, নিউজ ক্রপের প্রধান নির্বাহী রবার্ট থমসন এবং ওয়াল স্ট্রিট জার্নালের দুই সাংবাদিক খাদিজা সাফদার ও জোসেফ পালাজ্জোলোকে। ট্রাম্পের দাবি, কথিত প্রতিবেদনটি তার আর্থিক ও ব্যক্তিগত সুনামকে ‘ভয়াবহভাবে’ ক্ষতিগ্রস্ত করেছে।

মামলায় বলা হয়েছে, প্রতিবেদন প্রকাশের সময় অভিযুক্তরা সত্যতা যাচাইয়ে ‘বেপরোয়া অবহেলা’ করেছে অথবা ইচ্ছাকৃতভাবে সত্য অনুসন্ধান এড়িয়ে গেছে। ট্রাম্প আগের মামলার মতো এবারও কমপক্ষে ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।

অন্যদিকে মার্কিন শেয়ারবাজারের অন্যতম প্রাচীন ও প্রধান সূচক ডো জোন্স জানিয়েছে, তারা ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের নির্ভুলতা ও সাংবাদিকতার মানের ওপর পূর্ণ আস্থা রাখে এবং আদালতে জোরালোভাবে নিজেদের অবস্থান তুলে ধরবে।

জেফরি এপস্টেইন ছিলেন একজন বিতর্কিত বিনিয়োগকারী ও দণ্ডিত যৌন অপরাধী। ২০১৯ সালে বিচারাধীন অবস্থায় নিউইয়র্কের একটি কারাগারে তিনি আত্মহত্যা করেছিলেন। তার সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে আছে। তবে ট্রাম্প দাবি করেছেন, ২০০৬ সালে এপস্টেইনের বিরুদ্ধে আইনি জটিলতা প্রকাশ্যে আসার আগেই তিনি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন।


বিজ্ঞাপন


গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের জেলা বিচারক ড্যারিন পি গেইলস ট্রাম্পের আগের মামলা খারিজ করে দেন। বিচারক বলেছিলেন, জনপরিচিত ব্যক্তিদের মানহানির মামলায় যে ইচ্ছাকৃত মিথ্যাচারের মানদণ্ড প্রমাণ করতে হয়, ট্রাম্প তা দেখাতে ব্যর্থ হয়েছেন।

এদিকে ট্রাম্প এর আগেও নিউইয়র্ক টাইমস ও বিবিসির বিরুদ্ধে মানহানি এবং অন্যান্য অভিযোগে মামলা করেছেন। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো অভিযোগ অস্বীকার করে আদালতে লড়াই চালিয়ে যাচ্ছে।

সমালোচকদের মতে, ট্রাম্প প্রশাসন সংবাদমাধ্যমের ওপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে। সরকারি সংস্থায় সংবাদমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করা এবং সমালোচনামুখর গণমাধ্যমের বিরুদ্ধে নিয়ন্ত্রক ক্ষমতা ব্যবহারের হুমকিও এর অংশ বলে অভিযোগ রয়েছে।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর